মুক্তিযুদ্ধবিরোধী কোনো শক্তিকে দেশের জনগণ আর সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার সকালে বনানী কবরস্থানে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, মুক্তিযুদ্ধের সময় শেখ হাসিনা পাকিস্তানিদের আশ্রয়ে ছিলেন। সেই কারণেই তিনি পরবর্তীতে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের পরিবারকে নিয়ে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হন। ফ্যাসিবাদের চরম বহিঃপ্রকাশ ও নিপীড়নের কারণেই আরাফাত রহমান কোকোর অকালমৃত্যু হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, জিয়াউর রহমানের পরিবার একটি খাঁটি মুক্তিযোদ্ধা পরিবার হওয়ার কারণেই বিগত ফ্যাসিবাদী সরকার পরিকল্পিতভাবে তাঁদের ধ্বংস করার চেষ্টা চালিয়েছিল। শেখ হাসিনা কখনোই এই পরিবারের দেশপ্রেম মেনে নিতে পারেননি। কিন্তু শেষ পর্যন্ত জনগণের তোপের মুখে পড়ে তাকেই দেশ ছেড়ে পালাতে হয়েছে।
