নিউজিল্যান্ড সিরিজে আর দেখা যাবে না তিলককে

 

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টি–টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচ থেকেও ছিটকে গেছেন তিলক ভার্মা। পেটের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়া চলায় এই ভারতীয় ব্যাটার এখনও পুরোপুরি ফিট নন।

চলতি মাসের শুরুতে রাজকোটে বিজয় হাজারে ট্রফিতে হায়দরাবাদের হয়ে খেলতে গিয়ে তিলক অণ্ডকোষের তীব্র ব্যথায় আক্রান্ত হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার সফল অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।

সোমবার (২৬ জানুয়ারি) বিসিসিআই নিশ্চিত করেছে, তিলক আবার শারীরিক অনুশীলন শুরু করেছেন এবং ধীরে ধীরে উন্নতি করছেন। তবে পুরোপুরি ম্যাচ ফিটনেস ফিরে পেতে তার আরও সময় লাগবে। সে কারণেই তাকে পুরো নিউজিল্যান্ড সিরিজ থেকেই বাইরে রাখা হয়েছে।

টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের ওয়ার্ম-আপ ম্যাচগুলোর প্রস্তুতিতে অংশ নিতে পুরোপুরি ফিট হয়ে ৩ ফেব্রুয়ারি মুম্বাইয়ে ভারতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তিলকের। আর নিউজিল্যান্ড সিরিজের বাকি ম্যাচগুলোতেও তার বদলি হিসেবে দলে থাকবেন শ্রেয়াস আইয়ার।

আগে ধারণা করা হচ্ছিল, সিরিজের শেষ দুই টি–টোয়েন্টিতে তিলক দলে ফিরতে পারেন। কিন্তু তার প্রত্যাবর্তন আরও পিছিয়ে যাওয়ায় বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে ভারতীয় সমর্থকদের উদ্বেগ বেড়েছে। তিলকের অনুপস্থিতিতে যদিও শ্রেয়াস আইয়ার এখনও একাদশে সুযোগ পাননি, কারণ ইশান কিশান তিন নম্বরে দারুণ ব্যাটিং করছেন।

বাঁহাতি ইশান সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছেন। তিন ইনিংসে তিনি করেছেন ১১২ রান, স্ট্রাইক রেট ২২৪। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি–টোয়েন্টিতে কিশান খেলেন ৩২ বলে ৭৬ রানের বিধ্বংসী ইনিংস, যেখানে ছিল ১১টি চার ও ৪টি ছক্কা। তার এই দুর্দান্ত পারফরম্যান্সেই ভারত মাত্র ১৫.২ ওভারে ২০৯ রানের লক্ষ্য তাড়া করে জিতে যায়।

এই অসাধারণ পারফরম্যান্স বিশ্বকাপের আগে টিম ম্যানেজমেন্টকে মধুর দুশ্চিন্তায় ফেলে দিয়েছে, কারণ কিশান স্পষ্টভাবেই প্রথম একাদশে জায়গা পাওয়ার দাবি জোরালো করেছেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টির জন্য ভারতের দল:

সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), রিঙ্কু সিং, জসপ্রীত বুমরাহ, হারশিত রানা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ইশান কিশান (উইকেটকিপার), রবি বিষ্ণোই।

Read Previous

দেশের বাইরে বসে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করার দিন আর নেই: সারজিস

Read Next

নির্বাচনকে ঘিরে সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি

Most Popular