বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের (ডুমুরিয়া-ফুলতলা) জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘ক্ষমতায় যাওয়ার লক্ষ্যেই একটি মহল পরিকল্পিতভাবে সন্ত্রাসীদের লালন-পালন করছে এবং অর্থের বিনিময়ে এসব অস্ত্রধারীরা দল বদল করছে।’
রোববার (১ ফেব্রুয়ারি) খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ও শরাফপুর এবং ফুলতলা উপজেলার আটরা-গিলাতলা ইউনিয়নের বিভিন্ন স্থানে উঠান বৈঠক, গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি অভিযোগ করে বলেন, ‘ভয়ভীতি ও হুমকি-ধামকির মাধ্যমে ভোটের রায় কেড়ে নেয়ার চেষ্টা চলছে। ভয় দিয়ে রায় নেয়ার অর্থ হলো, আপনি সেই চরিত্রে পরিণত হয়েছেন; যারা হুমকি দিয়ে ক্ষমতায় গেছেন তাদের যে পরিণতি হয়েছে আপনারও সেই পরিণতি হবে।’
তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘ভয় দেখিয়ে এখানকার মানুষকে দমিয়ে রাখা যাবে না। যাকে ভয় দেখানো হচ্ছে, সে এখানকার মাটির মানুষ, এখানেই তার জন্ম। ভয় দিয়ে কাজ হবে না বলেন জানান তিনি।
এলাকার উন্নয়ন ও জনগণের সঙ্গে সংযুক্ত থাকতে পারে এমন প্রতিনিধিকে নির্বাচিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এমপি বানাবেন এমন একজনকে, যে ঢাকা-লন্ডন গিয়ে হারিয়ে যাবে না, যাকে খুঁজে পাওয়া যাবে না এমন কাউকে নয়। যিনি এখানকার মানুষের পাশে থাকবেন।’
দেশকে সহিংস রাজনীতির হাত থেকে রক্ষার আহ্বান জানিয়ে তিনি শান্তিপূর্ণ ও ভয়মুক্ত নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার দাবি তোলেন।
