দীর্ঘ ১৭ বছর পর দেশের মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পেতে যাচ্ছে-এই ঐতিহাসিক মুহূর্তকে কেন্দ্র করে গণতন্ত্র ও উৎসবের আবহ ছড়িয়ে দিতে প্রকাশ করা হয়েছে নতুন গান ‘ভোট উৎসব’।
গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা ও ভোটের আনন্দকে সুরে-গানে উদযাপন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
গানটি ইতোমধ্যে Spotify, Apple Music, YouTube Music, Amazon Music, Deezer, Boomplay, MediaNet, ACRCloudসহ বিশ্বের প্রায় ১৫০টিরও বেশি স্ট্রিমিং প্ল্যাটফর্মে সম্পূর্ণ ফ্রি-তে পাওয়া যাচ্ছে। পাশাপাশি Facebook, Instagram, YouTube Reels এবং TikTok-এ গানটি শোনা ও রিলসে ব্যবহার করার সুযোগও রয়েছে।
‘ভোট উৎসব’ গানটির মাধ্যমে ভোটাধিকার প্রয়োগকে একটি শুভ, আনন্দমুখর ও উৎসবের অংশ হিসেবে তুলে ধরা হয়েছে। নির্মাতাদের প্রত্যাশা-এই গান মানুষের মধ্যে ভোটকেন্দ্রমুখী আগ্রহ বাড়াবে এবং গণতন্ত্রচর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে।
গানটির কণ্ঠ ও সুরে রয়েছেন পাঞ্জেরী, সহশিল্পী হিসেবে অংশ নিয়েছেন কুদ্দুস বয়াতী। গানটির লিরিক্স লিখেছেন কে এম নাজমুল হক ও পাঞ্জেরী। কোরাসে কণ্ঠ দিয়েছেন পূর্নয়, মুশফিক, রায়হান, ফয়জুর ও জিসান।
মোশন ডিজাইনে ছিলেন হাসিবুল হাসান পরশ, ক্রিয়েটিভ নির্দেশনায় দিপু জামান। গানটির নির্দেশনা দিয়েছেন কে এম নাজমুল হক এবং প্রযোজনা করেছেন এ কে এম ওয়াহিদুজ্জামান। এছাড়াও বিশেষ সহযোগিতায় ছিলেন মামুন উর রশিদ, মারুফ ও লোবা আহমেদ।
নির্মাতাদের মতে, ‘ভোট উৎসব’ শুধু একটি গান নয়-এটি গণতন্ত্র, নাগরিক দায়িত্ব এবং ভোটাধিকার উদযাপনের একটি সাংস্কৃতিক আহ্বান। আসন্ন নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে এই গান অনুপ্রেরণা জোগাবে বলে তারা আশাবাদী।
