ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগদানের বিরুদ্ধে ইউরোপীয় দেশগুলোকে কড়া সতর্কবার্তা দিয়েছে তেহরান।
মঙ্গলবার (৩ মার্চ) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইউরোপীয় দেশগুলোকে ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলের অভিযানে অংশ না নিতে সতর্ক করে বলেছে, ‘এটি যুদ্ধের শামিল হবে’।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘ইরানের বিরুদ্ধে এই ধরনের যেকোনো পদক্ষেপ আগ্রাসীদের সাথে সহযোগিতা হিসেবে বিবেচনা করা হবে। এটি ইরানের বিরুদ্ধে যুদ্ধের শামিল হবে।’
ইউরোপের প্রভাবশালী দেশ জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য রোববার বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের সক্ষমতা ধ্বংস করার জন্য প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতে তারা প্রস্তুত রয়েছে।
এক যৌথ বিবৃতিতে এ তিনটি দেশ জানায়, তারা প্রয়োজনে ইরানের বিরুদ্ধে ‘প্রতিরক্ষামূলক ব্যবস্থা’ নেয়ার মাধ্যমে পারস্য উপসাগরীয় অঞ্চলে তাদের এবং তাদের মিত্রদের স্বার্থ রক্ষা করতে প্রস্তুত।
বিবৃতিতে আরও বলা হয়, ‘ইরান এ অঞ্চলের দেশগুলোর ওপর যেভাবে নির্বিচারে এবং অপেশাদার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তাতে আমরা স্তম্ভিত। বিশেষ করে যেসব দেশ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রাথমিক সামরিক অভিযানে জড়িত ছিল না, তারাও এ হামলার শিকার হয়েছে।’
