পুলিশের পোশাক পরে ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগ

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের পোশাক পরে চালককে মারধর করে নগদ টাকা, স্মার্টফোন ও ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

বুধবার (৪ মার্চ) সন্ধ্যার দিকে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।

এ ঘটনায় দুপুরে অজ্ঞাতপরিচয় পাঁচজনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ করেন ভুক্তভোগী ইজিবাইক চালক গোলাম হোসেন।

এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের বাগদা এলাকার চারাবটগাছ এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ইজিবাইক চালক গোলাম হোসেন পার্শ্ববর্তী দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাহেবগঞ্জ চাম্পাতলী গ্রামের আমিরুল ইসলামের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় ব্যবসায়ী আজিজ মন্ডলকে সঙ্গে নিয়ে তরমুজ কিনতে ইজিবাইকে করে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানে যাচ্ছিলেন গোলাম হোসেন। পথে চারাবটগাছ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার পথরোধ করে। এসময় পুলিশের পোশাক পরিহিত পাঁচজন যুবক প্রাইভেটকার থেকে নেমে আসেন। তারা গোলাম হোসেনকে মারধর করে ইজিবাইকটি নিজেদের নিয়ন্ত্রণে নেন। একই সময় তরমুজ ব্যবসায়ী আব্দুল আজিজকেও (৫৮) মারধর করে তার কাছে থাকা নগদ ৭৫ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয়।

ওসি মোজাম্মেল হক বলেন, ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Read Previous

রাজশাহীতে মিষ্টি ও কাপড়ের দোকানে অভিযান, জরিমানা

Read Next

দুই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular