বাহরাইনে চলমান ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেয়ার অভিযোগে একজন বাংলাদেশিসহ ছয় বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
বাংলাদেশি প্রবাসীর নাম মোহাম্মদ ইসরাফিল মীর। গ্রেফতারকৃত বাকি পাঁচজন পাকিস্তানি নাগরিক।
বাহরাইনে চলমান ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেয়ার অভিযোগে একজন বাংলাদেশিসহ ছয় বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
গত সোমবার (৯ মার্চ) বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানায় বাহরাইন নিউজ এজেন্সি। প্রতিবেদন মতে, বাহরাইনের জেনারেল ডিরেক্টরেট অব অ্যান্টি-করাপশন, ইকোনমিক অ্যান্ড ইলেকট্রনিক সিকিউরিটির অধীনে অ্যান্টি-সাইবার ক্রাইম ডিরেক্টরেট অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে।
তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানের আগ্রাসন ও সংঘাতপূর্ণ পরিস্থিতির ভিডিও প্রকাশ বা শেয়ার করেছেন এবং সেসব কর্মকাণ্ডের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। প্রতিবেদনে জানানো হয়েছে, অভিযুক্ত ছয়জনের কার্যক্রম দেশের নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার মতো আচরণ হিসেবে বিবেচিত হয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের পাবলিক প্রসিকিউশনের কাছে সোপর্দ করা হয়েছে।
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে ইসরাইলের পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতে হামলা চালাচ্ছে ইরান। এর মধ্যে সবচেয়ে হামলা চালানো হচ্ছে বাহরাইনে। হামলার ছবি ও ভিডিও যাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে না পড়ে সেই লক্ষ্যে কঠোর নজরদারি করছে দেশটির কর্তৃপক্ষ।
বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে কোনো ধরনের গুজব ছড়ানো বা শত্রুদেশের পক্ষে সহানুভূতি প্রকাশ করা বাহরাইনের আইনে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে।
