বান্ধবীর প্রাক্তন বরকে বিয়ের ৩ বছরের মাথায় বিচ্ছেদের পথে হাঁটেলেন বলিউড অভিনেত্রী হানসিকা মোতওয়ানি। ভারতের মুম্বাইয়ের বান্দ্রা পারিবারিক আদালতে অভিনেত্রীর ডিভোর্স সম্পন্ন হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, ২০২২ সালের ডিসেম্বরে উদয়পুরের মুন্ডোটা ফোর্ট অ্যান্ড প্যালেসে রাজকীয় বিয়ের আসরে ব্যবসায়ী সোহেল কাঠুরিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন হানসিকা। কিন্তু বিয়ের কিছুদিন পরই তারা বুঝতে পারেন মানসিক সংযোগ তাদের মধ্যে নেই।
আদালতে পেশ করা পিটিশন বা আর্জি থেকে জানা যায়, চিন্তাধারা এবং জীবনযাত্রায় এ জুটির মধ্যে রয়েছে বিশাল পার্থক্য। যে কারণে ছোট ছোট বিষয় নিয়ে তাদের মত পার্থক্য প্রায়ই চরম পর্যায় পৌঁছায়। শুরু হয় দাম্পত্য কলহ।
দীর্ঘদিনের বন্ধু হওয়া সত্ত্বেও স্বামী-স্ত্রী হিসেবে একসঙ্গে বসবাস করতে গিয়ে দুজনের মধ্যে তিক্ততা বাড়ায় আইনিভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন এ জুটি।
জানা যায়, এ বিচ্ছেদের ক্ষেত্রে হানসিকা সোহেলের কাছ থেকে কোনো খোরপোশ বা অ্যালিমনি দাবি করেননি। আর্থিকভাবে যথেষ্ট সফল এবং স্বাধীন হওয়ায় প্রাক্তন স্বামীর ওপর আর্থিক নির্ভরতা না রাখার সিদ্ধান্ত নেন তিনি।
বান্ধবী রিঙ্কি বাজাজের প্রাক্তন স্বামীকে বিয়ে করেছিলেন হানসিকা। গুঞ্জন উঠেছিল, অভিনেত্রীর কারণেই রিঙ্কির বিবাহিত জীবনে আসে ভাঙনের সুর। এবার বিয়ের ৩ বছর পর হানসিকার জীবনেও উঠলো বিচ্ছেদের সুর।
প্রসঙ্গত, বলিউডের সাড়া জাগানো সিনেমা ‘কোয়ি মিল গায়া’র ছোট্ট শিশুশিল্পী হয়ে বলিউডে পা রাখেন হানসিকা। এরপর মিউজিক ভিডিওর মডেল হয়ে দর্শককে মুগ্ধ করেন। অভিনেত্রী হিসেবে বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি।
