বাংলাদেশের কাছে সিরিজ হারের পর নির্বাচক কমিটিতে ‘সার্জারি’ চান শহীদ আফ্রিদি

বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারের পর পাকিস্তান দলের নির্বাচকদের কড়া সমালোচনা করেছেন শহীদ আফ্রিদি। কোন সংস্করণে কে অধিনায়ক হবেন এবং কাদের দলে রাখা উচিত, এ বিষয়ে নির্বাচকদের পরিষ্কার ধারণা নেই বলেও মনে করেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।

এক ঝাঁক নতুন মুখ নিয়ে এবারের বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান দল। তিন ম্যাচ মিলিয়ে এই সিরিজে অভিষেক হয়েছে ৬ জনের। তবে এত পরিবর্তনেও লাভ হয়নি, শেষ পর্যন্ত সিরিজ হেরেছে পাকিস্তান।

বিশ্বকাপের পর ‘সার্জারি’ বা বড় পরিবর্তনের মাধ্যমে ভাগ্য বদলানোর পরিকল্পনাও তাতে ধাক্কা খেয়েছে। তবে আফ্রিদি দলের বদলে নির্বাচক কমিটিতেই ‘সার্জারি’ করার দাবি জানিয়েছেন। তাঁর মতে, দলের মৌলিক বিষয় নিয়েই যখন পরিষ্কার ধারণা নেই, তখন নির্বাচক কমিটিকে নতুন করে গঠন করা উচিত।

আকিব জাভেদ, মিসাবহ-উল-হক, সরফরাজ আহমেদ ও আসাদ শফিককে নিয়ে গড়া নির্বাচক কমিটির সমালোচনা করে নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করা এক ভিডিওতে আফ্রিদি বলেন, ‘বিশ্বকাপের পারফরম্যান্স আপনারা দেখেছেন। এরপর বাংলাদেশের বিপক্ষে আমরা ২-১ ব্যবধানে সিরিজ হেরেছি। আমার মতে, নির্বাচক কমিটি নিয়েই আফসোস করা উচিত। এর পেছনে কারণও আছে। নির্বাচক কমিটিতে যারা আছেন তারা অনেক ক্রিকেট খেলেছেন, কিন্তু কার কোন ফরম্যাটে অধিনায়ক হওয়া উচিত, সেই ধারণা আপনাদের নেই। আপনারা না ভেবেই সিদ্ধান্ত নিয়ে নেন। সার্জারির নামে অল্প কিছু প্রথম শ্রেণীর ম্যাচ খেলা নতুন খেলোয়াড়দের দলে ঢুকিয়ে দেন।’

এ সময় সিনিয়রদের দলে না রাখার সমালোচনা করে আফ্রিদি আরও বলেন, ‘আপনার ঘরোয়া ক্রিকেট এতটা মানসম্পন্ন নয় যে সেখান থেকে নিয়মিত ভালো ক্রিকেটার উঠে আসবে এবং পাকিস্তান দলে জায়গা করে নেবে। যেসব সিনিয়র টি–টোয়েন্টিতে ভালো না করলেও ওয়ানডেতে ভালো পারফরম্যান্স আছে, তাদের দলে রাখা উচিত ছিল। সার্জারির নামে সিনিয়রদের বসিয়ে দিয়েছেন, বদলে অল্প কিছু প্রথম শ্রেণীর ম্যাচ খেলা তরুণদের নিয়ে এসেছেন। একের পর এক খেলোয়াড়কে অভিষেক করানোকে সার্জারি বলা যায় না। বরং নির্বাচক কমিটিরই সার্জারি করা উচিত।’

Read Previous

তথ্য মন্ত্রণালয়ে ৬৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১ এপ্রিল

Read Next

ঢাবির নতুন ভিসি অধ্যাপক ওবায়দুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular