ট্রেনের ছাদে ভ্রমণ, রেলওয়ে ব্রিজে ধাক্কা লেগে প্রাণ গেল যুবকের

 

রাজবাড়ীর কালুখালীতে ট্রেনের ছাদে ভ্রমণের সময় রেলওয়ে ব্রিজে ধাক্কা লেগে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে পোড়াদহ থেকে ছেড়ে আসা গোয়ালন্দ ঘাটগামী লোকাল (শাটল) ট্রেনটি কালিকাপুর রেলওয়ে ব্রিজে পৌঁছালে ট্রেনের ছাদে থাকা ওই যুবক ব্রিজে ধাক্কা খেয়ে ট্রেনের ছাদের ওপরেই মারা যান।

পরে ট্রেনটি দুপুর ২টা ৩৮ মিনিটের দিকে কালুখালী রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছালে রেলওয়ে পুলিশ ও স্থানীয় জনগণের সহযোগিতায় মরদেহটি নামানো হয়।

এ ঘটনায় প্রায় ১২ মিনিট ট্রেন চলাচল বিলম্বিত হয়।

এ বিষয়ে কালুখালী সহকারী স্টেশন মাস্টার রতন সেন জানান, ট্রেনটি স্টেশনে প্রবেশ করার পর ছাদের ওপর একটি মরদেহ দেখতে পাওয়া যায়। পরে সেটি উদ্ধার করে স্টেশনে রাখা হয় এবং বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানায় জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লিটন মিয়া জানান, ট্রেনের যাত্রীরা জানিয়েছেন, ওই যুবক পাংশা রেল স্টেশন থেকে দৌঁড়ে এসে ট্রেনের ছাদে উঠেছিল। কালিকাপুর রেলওয়ে ব্রিজে এসে সে ট্রেনের ছাদে মাথায় ধাক্কা খেয়ে ছাদের ওপরেই মারা যায়। যুবকটির আনুমানিক বয়স ৩০ বছর। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান এসআই লিটন মিয়া।

Read Previous

আমেরিকা বয়কট কবরো, বিশ্বকাপ নয়- ইরানের ফুটবল প্রধানের স্পষ্ট বার্তা

Read Next

শিরোপা বিতর্ক: ক্রীড়া আদালতে যাওয়ার ঘোষণা সেনেগাল ফুটবল ফেডারেশনের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular