গাইবান্ধার গোবিন্দগঞ্জে পেশাগত দায়িক্তপালনের সময় কয়েকজন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নূর আলম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ মার্চ ) ভোর রাতে উপজেলার রাজাহার ইউনিয়নে নওগা মরাপুকুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। নূর আলম ওই গ্রামের মাহফুজার রহমানের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত ৩০ মার্চ দুপুরে উপজেলার রাজাহার ইউনিয়নে একটি মারপিটের ঘটনার ভিডিও চিত্র ধারণ করতে যান এশিয়ান টিভির স্থানীয় প্রতিনিধি মাহমুদ খান এবং কালবেলার প্রতিনিধি শাহিন আলম,আওয়ার নিউজের প্রতিনিধি জোবাইদুর রহমান সাগর।
পেশাগত দায়িত্ব পালনকালে রাজাহার ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী ও তার সহযোগীরা সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা তাদের বেধড়ক মারধর করে এবং পেশাগত কাজে ব্যবহৃত মোবাইল ফোন এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামাদি ভাঙচুর করে। এই ঘটনায় সাংবাদিক মাহমুদ খান বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, অভিযুক্ত নুরুন্নবীসহ অন্যান্য সহযোগীরা এখনও পলাতক রয়েছে। তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
