পিরোজপুরে স্কুলের ক্লাসরুমে ভেঙে পড়ল সিলিং ফ্যান, আহত ২

পিরোজপুরের নাজিরপুরে বিদ্যালয়ের বৈদ্যুতিক পাখা খুলে মাথায় পড়ে ২ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ৮১নং জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলো, জয়পুর গ্রামের সঞ্জীব সমাদ্দারের ছেলে সৌভিক সমাদ্দার ( ১১) ও একই এলাকার রেজাউল মাঝির মেয়ে রাবেয়া খাতুন (১১) । গুরুতর আহত ওই ২ শিক্ষার্থীকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছাত্রী রাবেয়া খাতুন কে ভর্তি করা হয়েছে। অপর ছাত্র সৌভিক সমাদ্দারের মাথায় গুরুতর আহত হওয়ায় তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এসময় ওই শ্রেণীতে পাঠদানে থাকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রিক্তা মন্ডল বলেন, ‘আমি গণিতের ক্লাস নিচ্ছিলাম। হঠাৎ করে একটি শব্দ শুনতে পাই। তখন তাকিয়ে দেখি ফ্যান খুলে ওদের মাথার উপর পড়েছে। পরবর্তীতে ওদেরকে হাসপাতালে নিয়ে আসি।’

প্রধান শিক্ষিকা স্নিগ্ধা রানী বলেন, ‘ভবনটি ছিল আমাদের পুরাতন ভবন। আমাদের শিক্ষার্থী বেশি হওয়ায় ওটাতেও ক্লাস নিতে হয়। কয়েকজন শিক্ষার্থী দৌড়ে এসে জানায় ক্লাস চলাকালীন বৈদ্যুতিক পাখা খুলে শিক্ষার্থীদের মাথায় পড়েছে। আমরা দ্রুত গিয়ে দেখি দুজন শিক্ষার্থী আহত হয়েছে। তাদের দ্রুত নাজিরপুর হাসপাতালে নিয়ে আসি। কিন্তু একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।’

এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হাকিম বলেন, ‘ঘটনা শুনেছি ওই বিদ্যালয়ের শিক্ষকরা আহত শিক্ষার্থীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছেন। একজন শিক্ষার্থী অল্প আহত হয়েছে। আর একজন শিক্ষার্থী গুরুতর হওয়ার কারণে তার বাবা-মা উন্নত চিকিৎসার জন্য বরিশালে নিয়ে গেছে।’

Read Previous

কক্সবাজারে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধু নিহত

Read Next

গোবিন্দগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ, স্বামী আটক

Most Popular