‘প্রিন্স’ সিনেমার জমকালো প্রিমিয়ারে ‘টাচ’ ইস্যু নিয়ে বিতর্কে জড়িয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সে মুহূর্তের ছবি ও ভিডিওতে শাকিবের কিছু আচরণ নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। এবার সে বিষয় নিয়ে মুখ খুলেছেন টালিউড অভিনেত্রী জ্যোর্তিময়ী কুণ্ডু।
সংবাদমাধ্যমে জ্যোর্তিময়ী বলেন,
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি যেভাবে ছড়িয়েছে তা নিয়ে আমি সত্যি হতাশ। প্রিমিয়ারে সেদিন অনেক মানুষের ভিড় ছিল। আমরা দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না। এমন মুহূর্তে আমাদের তিনজনকে একটি ছবির জন্য পোজ দিতে বলা হয়। ভিড় থেকে বাঁচাতে তিনি আমাদের গার্ড করেছিলেন। সেটা মিডিয়ার সামনে যেভাবে অতিরঞ্জিত হয়েছে তা সত্যি হতাশাজনক।
জ্যোর্তিময়ী প্রশ্ন ছুঁড়ে বলেন,
আচ্ছা কেউই কি এমন বোকা হয় এত ভিড়ের মধ্যে কেউ কাউকে ব্যাড টাচ করবে যেখানে ৩০০টা ক্যামেরা আছে? ইনটেনশনালি যদি এটা করার হয় কেউ এত ক্যামেরার সামনে এমনটা করবে?
সবশেষে এ চিত্রনায়িকা বলেন,
আমরা একসঙ্গে কাজ করি। সিনেমার প্রয়োজনে এমন টাচ করা খুবই স্বাভাবিক। এ স্বাভাবিক বিষয়কে যারা খারাপভাবে প্রেজেন্ট করছে তাদের আসলে কী বলবো! আসলে যারা স্বাভাবিক ও সুস্থ মানুষ তারা বুঝবেন ওই পরিস্থিতিতে আসলে সেটা কী টাচ ছিল? শুধুমাত্র আমাদের প্রটেক্ট করার জন্যই শাকিব আমাদের টাচ করেছিল, সেখানে কোনো ব্যাড টাচ ছিল না। ইস্যুটাকে অতি মশলাদার করা হয়েছে আমি বলবো।
‘প্রিন্স’ মুক্তির পর দর্শকদের অন্যরকম অভিজ্ঞতা দিতে এর প্রিমিয়ারের আয়োজন করা হয়। কিন্তু তা নিয়ে তৈরি হয় অন্যরকম উত্তাপ। প্রিমিয়ারের ভাইরাল ভিডিওতে দেখা যায়, শাকিব কখনও দুই নায়িকার কোমরে হাত রাখছেন, আবার কখনও কাঁধে হাত রাখছেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত ইস্যুতে পরিণত হয়।
