দোকানপাট ও শপিংমল রাত ৮টা পর্যন্ত খোলা রাখতে চেয়ে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে দোকান মালিক সমিতি।
রোববার (৫ এপ্রিল) বিকেলে গণমাধ্যমকে দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু এ কথা জানান।
তিনি বলেন, জ্বালানি সাশ্রয়ে সন্ধ্যা ৬টার মধ্যে মার্কেট বন্ধের ব্যাপারে দোকান মালিক সমিতির আবেদন বিবেচনায় সময় বৃদ্ধিতে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি পাওয়ায় প্রধানমন্ত্রী এবং জ্বালানিমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তবে এমন অবস্থায় পহেলা বৈশাখের প্রেক্ষিতে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চেয়ে সিদ্ধান্তটি আবারও পুনর্বিবেচনার করার অনুরোধ রইল।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকটের প্রেক্ষাপটে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠকে সন্ধ্যা ৬টা পর শপিংমল, দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
তবে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চেয়ে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অনুরোধ জানিয়েছিলেন বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতারা।
এ বিষয়ে আজ দুপুরে সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সাংবাদিকদের জানান, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে আজ থেকে সন্ধ্যা ৬টা নয়, শপিং মল বন্ধ হবে সন্ধ্যা ৭টার মধ্যে। দোকান মালিক সমিতির আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
এরপর বিষয়টি আবারও পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে দোকান মালিক সমিতি। তারা রাত ৮টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান খোলার রাখার অনুমতি চান।
