বাংলাদেশে নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত আবদুল মুতালিব এস. এম. সুলিমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাক্ষাৎ করেন।
বৈঠকে বাংলাদেশ ও লিবিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সহযোগিতা পুনর্ব্যক্ত করা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী লিবিয়ায় উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি কর্মী ও পেশাজীবীদের কর্মসংস্থানের সুযোগ করে দেয়ায় দেশটির সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান এবং বাংলাদেশ থেকে চিকিৎসাকর্মী নিয়োগের সাম্প্রতিক উদ্যোগকে স্বাগত জানান।
প্রতিমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আটকে পড়া নাগরিকদের প্রত্যাবাসনে সহায়তা দেয়ায় লিবিয়া কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
উভয়পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন, বিশেষ করে জ্বালানি, অবকাঠামো, ওষুধশিল্প এবং জনশক্তি খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পৃক্ততা বাড়াতে বাংলাদেশ-লিবিয়া যৌথ ব্যবসায় ফোরাম গঠনের প্রস্তাব দেন।
রাষ্ট্রদূত সুলিমান জ্বালানি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে লিবিয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি দক্ষ ও অদক্ষ জনশক্তি নিয়োগের পাশাপাশি বাংলাদেশ ও লিবিয়ায় অবস্থানরত প্রবাসীদের প্রতি অব্যাহত সমর্থনের আশ্বাস দেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন, যার মধ্যে সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময় অন্তর্ভুক্ত রয়েছে। তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে নিয়মিত সংলাপ ও উচ্চপর্যায়ের সফরের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।
রাষ্ট্রদূত লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের প্রতি অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং দুই দেশের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও জোরদারে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
