নেত্রকোনায় ৪ হাজার ৩০০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোনায় অবৈধভাবে মজুত করা ৪ হাজার ৩০০ লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ওই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) রাতে সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের হাটখলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নেত্রকোনা সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফ।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হাটখলা বাজারের মেসার্স রাকিবা জাহান ইভা ট্রেডার্সে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটিতে নিয়মবহির্ভূতভাবে মজুত করা ৪ হাজার ৩০০ লিটার ডিজেলের সন্ধান পাওয়া যায়। পরে ওই ডিজেল জব্দ করা হয়। জব্দ করা জ্বালানি তেলের বর্তমান বাজারমূল্য আনুমানিক ৪ লাখ ২৫ হাজার টাকা।

সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করার দায়ে ভ্রাম্যমাণ আদালত ওই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

এ বিষয়ে নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান জানান, জেলায় জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং কৃত্রিম সংকট রোধে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

তিনি বলেন, ‘অবৈধ মজুতদারদের বিরুদ্ধে আমাদের এ অবস্থান জিরো টলারেন্স। সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে এবং বাজার নিয়ন্ত্রণে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান জেলাজুড়ে অব্যাহত থাকবে।’

Read Previous

দেশকে রক্ষা করতে ইরানিরা জীবন উৎসর্গ করতে প্রস্তুত: পেজেশকিয়ান

Read Next

এসএসসি পরীক্ষা পেছানোর গুঞ্জন, যা জানালেন শিক্ষামন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular