ব্রাহ্মণবাড়িয়ায় পহেলা বৈশাখে সিঁদুর খেলায় মেতেছেন সনাতন ধর্মাবলম্বীরা। সনাতন শাস্ত্র, নবযুগ ও লোকনাথসহ বাংলা পঞ্জিকা অনুযায়ী মঙ্গলবার (১৪ এপ্রিল) চৈত্রসংক্রান্তি পালন করেন সনাতন ধর্মাবলম্বীরা। সেই হিসেবে বুধবার (১৫ এপ্রিল) পহেলা বৈশাখ উদযাপন করছেন তারা।
নতুন বর্ষবরণ ও পহেলা বৈশাখ উপলক্ষে প্রতি বছরের ন্যায় হিন্দু সম্প্রদায়ের রমণীরা ব্রাহ্মণবাড়িয়া শহরের কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী আনন্দময়ীয় কালীবাড়িতে সমবেত হন। এ সময় তারা মন্দিরে ধূপ-দ্বীপ মঙ্গল প্রদীপ জ্বালিয়ে প্রার্থনার পাশাপাশি স্বামী-সংসারে সুখ শান্তি কামনায় প্রার্থনা করেন। সুখ-শান্তির আশায় একে অপরের কপালে সিঁদুর পরিয়ে মেতে উঠেন ঐতিহ্যবাহী সিঁদুর খেলা উৎসবে।
মন্দিরে সিঁদুর খেলায় অংশ নেয়া টুম্পা পাল বলেন, ‘বাংলা পঞ্জিকা অনুযায়ী আজ আমাদের পহেলা বৈশাখ। প্রতি বছর আমরা পহেলা বৈশাখে সিঁদুর খেলায় অংশগ্রহণ করে থাকি। এ সময় আমরা সিঁদুর খেলা উৎসবের মাধ্যমে নিজের পরিবারের পাশাপাশি স্বামীর সংসারে যেন ভালো থাকি সেই কামনা করে থাকি।’
বিথি সাহা নামে অপর গৃহবধূ বলেন, ‘আমারা কেবল স্বামী সংসারে নয় ,আমরা আজকের দিনে সবার মঙ্গল কামনা করে থাকি। আজকের দিনটিকে আমরা বিশেষ দিন মনে করে থাকি।’
শ্রাবনী চক্রবর্তী জানান, উৎসবের রঙ হচ্ছে সিঁদুরের রঙ। আজকের এই দিনে পরম করুণাময়ের কাছে প্রার্থনা করছি, তিনি যেন আমাদের সবাইকে স্বামীর সংসারে ভালো রাখেন।
এ বিষয়ে শহরের আনন্দময়ী কালীবাড়ীর পুরোহিত কৃষ্ণ চক্রবর্তী জানান, পহেলা বৈশাখে সনাতন হিন্দু সম্প্রদায়ের রমণীরা স্বামীর সংসারে সুখে থাকার জন্যে আজকের দিনে একে অপরকে সিঁদুর পরিয়ে মঙ্গল কামনা করেন। এটি একটি ধর্মীয় রেওয়াজ।
তিনি আরও জানান, পহেলা বৈশাখকে কেন্দ্র করে শহরের কেন্দ্রীয় মন্দির আনন্দময়ীয় কালীবাড়িতে আজ থেকে সপ্তাহব্যাপী বার্ষিক উৎসব চলবে।
