১৪টি বোয়িং কিনবে সরকার, ৩০ এপ্রিলের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত

রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর শক্তিশালী করতে মার্কিন নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১৪টি নতুন উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে কিছু উড়োজাহাজ লিজ নেয়ার প্রক্রিয়াও চলছে। এ বিষয়ে আগামী ৩০ এপ্রিলের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিমান প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত।
মুরসালিন হক জুনায়েদ

বুধবার (২২ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়েছি কীভাবে লিজ করব এবং আমাদের কিছু বিমান কিনতে হবে। আমরা ইনফ্যাক্ট বোয়িং ১৪টা কিনব। সেই কেনার চুক্তিটাও গত সরকার রাফ ড্রাফট করে দিয়ে গিয়েছিল। সেটা আমাদের ৩০ এপ্রিলের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।’

প্রতিমন্ত্রী আরও জানান, দীর্ঘদিনের বিরতি শেষে আগামী জুন মাস থেকে ঢাকা-টোকিও রুটে পুনরায় বিমানের সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। বন্ধুপ্রতিম রাষ্ট্র জাপানের নারিতায় ১৯৮১ সালে উড়োজাহাজ চলাচল শুরু হলেও গত ৪৬ বছর ধরে এই রুটটি বারবার বন্ধ ও চালুর দোলাচলে ছিল। ২০২৩ সালের সেপ্টেম্বরে ফ্লাইট চালু হলেও গত বছরের জুলাইয়ে তা আবারও বন্ধ হয়ে যায়। জুন মাসে রুটটি পুনরায় চালু হলে যাত্রী পরিবহনের পাশাপাশি কার্গো সেবাতেও নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।

বেসামরিক বিমান পরিবহন খাতে গতি ফিরিয়ে আনতে এবং রাষ্ট্রীয় এই সংস্থাটিকে একটি টেকসই ও লাভজনক অবস্থানে নিতে সরকারের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।

Read Previous

মা হতে যাচ্ছেন অভিনেত্রী পূজা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular