ইউক্রেন যুদ্ধ বন্ধে শিগগিরই সমঝোতায় পৌঁছানো যাবে বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ বিষয়ে পুতিন-জেলেনস্কির সঙ্গে আলোচনা হয়েছে বলে গণমাধ্যমকে জানান তিনি। এদিকে, সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেও রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় ১৬ জন নিহত হয়েছেন।
রুশ অধিকৃত ক্রিমিয়ার নৌঘাঁটি ও বেলবেক সামরিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের তিনটি জাহাজ ও একটি মিগ-৩১ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।
হামলায় একটি রাডার স্টেশন ও প্রশিক্ষণ কেন্দ্রও লক্ষ্যবস্তু করা হয়। রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অর্ধশতাধিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে।
রাশিয়ায় একটি তেল শোধনাগারে হামলারও খবর পাওয়া গেছে। এসময় কয়েকজন আহত হন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই শোধনাগারটি রাশিয়ার সামরিক জ্বালানির অন্যতম উৎস।
ইউক্রেনীয় গণমাধ্যম বলছে, রাশিয়ার যুদ্ধের সক্ষমতা কমিয়ে দিতেই জ্বালানি ও শিল্প অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হচ্ছে।
পাল্টা আঘাত হেনেছে রাশিয়াও। ইউক্রেনের দিনিপ্রো শহরেও হামলার খবর পাওয়া গেছে। এছাড়া আক্রমণ হয়েছে রাশিয়ার বেলগোরোদ ও অধিকৃত লুহানস্কেও।
এদিকে, চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে। শিগগিরই সমঝোতায় পৌঁছানো যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এ বিষয়ে পুতিন-জেলেনস্কির সঙ্গে তার আলোচনা হয়েছে। তবে দুই দেশের শীর্ষ নেতাদের কবে কথা হয়েছে, তা জানাননি ট্রাম্প।
