অবরোধের মধ্যেও হরমুজ পার হয়ে গেল রুশ সুপারইয়ট, কিন্তু কীভাবে?

অবরোধের মধ্যেও হরমুজ পার হয়ে গেল রুশ সুপারইয়ট, কিন্তু কীভাবে?

যুক্তরাষ্ট্র-ইইউ’র নিষেধাজ্ঞায় থাকা রুশ ধনকুবের অ্যালেক্সি মোরদাশভের সঙ্গে সংশ্লিষ্ট একটি সুপারইয়ট বা প্রমোদতরী গেল শনিবার (২৫ এপ্রিল) হরমুজ প্রণালী অতিক্রম করেছে বলে জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য থেকে জানা গেছে। যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কেন্দ্রবিন্দুতে থাকা এই অবরুদ্ধ নৌপথ দিয়ে যাতায়াতকারী হাতেগোনা কয়েকটি জাহাজের মধ্যে এটি অন্যতম।

মেরিনট্র্যাফিক প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, ৫০০ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের ১৪২ মিটার (৪৬৫ ফুট) দীর্ঘ ইয়ট ‘নর্ড’ শুক্রবার দুবাইয়ের একটি মেরিনা থেকে যাত্রা শুরু করে শনিবার সকালে হরমুজ প্রণালী অতিক্রম করে এবং রোববার (২৬ এপ্রিল) ভোরে ওমানের মাসকাটে পৌঁছায়।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, বহুতল বিশিষ্ট প্রমোদতরীটি কীভাবে হরমুজ প্রণালী ব্যবহারের অনুমতি পেলো তা স্পষ্ট নয়। ফেব্রুয়ারি মাস থেকে ইরান এই নৌপথ দিয়ে যান চলাচল কঠোরভাবে সীমিত করেছে, যা দিয়ে সাধারণত বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হয়।

তেহরান তার নিয়ন্ত্রণ বজায় রাখায় পারস্য উপসাগরের প্রবেশপথের এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে প্রতিদিন মাত্র কয়েকটি, প্রধানত বাণিজ্যিক জাহাজ চলাচল করছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু হওয়ার আগে যেখানে প্রতিদিন গড়ে ১২৫ থেকে ১৪০টি জাহাজ চলাচল করত, এই সংখ্যা তার একটি ক্ষুদ্র অংশ মাত্র।

পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ আরোপ করেছে।

রাশিয়া ও ইরান দীর্ঘদিনের মিত্র এবং সাম্প্রতিক বছরগুলোতে তারা আরও ঘনিষ্ঠ হয়েছে। এর মধ্যে ২০২৫ সালের একটি চুক্তিও রয়েছে, যা দুই পক্ষের গোয়েন্দা ও নিরাপত্তা সহযোগিতাকে শক্তিশালী করেছে।

পাকিস্তান ও ওমানে মধ্যস্থতাকারীদের সঙ্গে সম্প্রতি আলোচনার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সোমবার (২৭ এপ্রিল) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে রাশিয়া পৌঁছেছেন।

রয়টার্স বলছে, পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মোরদাশভ আনুষ্ঠানিকভাবে ‘নর্ড’ নামের জাহাজটির মালিক হিসেবে তালিকাভুক্ত নন। কিন্তু ২০২৫ সালের জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য এবং রুশ করপোরেট নথি থেকে দেখা যায়, ২০২২ সালে জাহাজটি তার স্ত্রীর মালিকানাধীন একটি রুশ প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত হয়েছিল।

প্রতিষ্ঠানটি রাশিয়ার চেরিপোভেটস শহরে নিবন্ধিত, যেখানে মোরদাশভের ইস্পাত প্রস্তুতকারক প্রতিষ্ঠান সেভেরস্টালও নিবন্ধিত।

পুতিনের সাথে সম্পর্কের কারণে ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞাপ্রাপ্ত বেশ কয়েকজন রুশ নাগরিকের মধ্যে মোরদাশভও ছিলেন।

শিল্প প্রকাশনা সংস্থা সুপারইয়ট টাইমস-এর মতে, ‘নর্ড’ হলো বিশ্বের অন্যতম বৃহত্তম ইয়ট। এতে ২০টি কেবিন, একটি সুইমিং পুল, একটি হেলিপ্যাড এবং একটি সাবমেরিন রয়েছে।

Read Previous

ন্যায়বিচার মানবিক রাষ্ট্রের ভিত্তি: প্রধানমন্ত্রী

Read Next

দেশের নির্বাচনি ব্যবস্থায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টায় ট্রাম্প প্রশাসন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular