ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন

ভারতের মধ্যপ্রদেশের রতলামে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত একটি বগিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রোববার (১৭ মে) ভোর সোয়া ৫টার দিকে ৬৮ জন যাত্রী বহনকারী বি-১ কোচটিতে আগুন লাগে। কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনায় কেউ আহত হননি। তার আগেই তাদের উদ্ধার করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিক্রমগড় আলোত স্টেশনের কাছে আগুন লাগার পরপরই আক্রান্ত বগিটি অন্য বগি থেকে বিচ্ছিন্ন এবং এটির বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়া হয়।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার কারণ তদন্ত করা হচ্ছে। এ ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, আগুন লাগা বগি থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। এ সময় কয়েকটি গাছেও আগুন লাগে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ১২৪৩১ রাজধানী এক্সপ্রেস ট্রেনটি গত শুক্রবার কেরালার থিরুভানানথাপুরাম থেকে যাত্রা শুরু করে। আজ দুপুর ১২টা ৩০ মিনিটে এটির দিল্লির নিজামুদ্দিন রেলস্টেশনে পৌঁছানোর কথা ছিল। আগুন লাগার আগে ট্রেনটি ২ হাজার ৬০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন এটি রাজধানী দিল্লি থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে ছিল।

এর আগে শুক্রবার হায়দ্রাবাদ-জয়পুর স্পেশাল ট্রেনের একটি খালি কোচে আগুন লাগার ঘটনা ঘটে। তবে ওই ট্রেনের ভেতরে কোনো যাত্রী ছিলেন না এবং হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Read Previous

হাম ও স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে নাগরিক গোলটেবিল আলোচনায় উদ্বেগ প্রকাশ

Read Next

চামড়া সংরক্ষণে শিল্প মালিকদের সহায়তা দেয়া হবে: মন্ত্রী

Most Popular