ঝালকাঠির রাজাপুরে অভিযান চালিয়ে একটি বিদেশি পেনগান (আগ্নেয়াস্ত্র) উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮।
সোমবার (১৮ মে) রাত সোয়া ২টার দিকে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি এলাকায় একটি বসতবাড়ির পেছন থেকে পরিত্যাক্ত অবস্থায় এ আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে বরিশাল র্যাব-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান স্বাক্ষরিত প্রেস বার্তায় বিষয়টি জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদে বরিশাল র্যাব-৮ এর একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় নৈকাঠি এলাকার নান্নু সিকদারের বসতবাড়ির পেছনের ঢালাই সড়কের পাশে মুরগির খোপের পেছনে নীল পলিথিনে মোড়ানো অবস্থায় এই অবৈধ বিদেশি পেনগানটি উদ্ধার করা হয়।
উদ্ধার করা আগ্নেয়াস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠনে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় র্যাব।
