ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মালিক’

ঈদুল আজহার আনন্দ বাড়াতে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নির্মাতা সাইফ চন্দন পরিচালিত সিনেমা ‘মালিক’। সিনেমায় প্রধান দুই চরিত্রে রয়েছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম।

বুধবার (২০ মে) রাতে পরিবেশনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া সিনেমার প্রথম পোস্টার প্রকাশের মাধ্যমে জানায়, ঈদের সিনেমার তালিকায় যুক্ত হচ্ছে ‘মালিক’। এ পোস্টারে গম্ভীর, রুক্ষ আর রহস্যময় লুকে ধরা দেন শুভ।

এরপর বৃহস্পতিবার (২১ মে) নায়ক-নায়িকার যৌথ একটি পোস্টার প্রকাশ করা হয়। দ্বিতীয় পোস্টারটিতে রোমান্টিক মুডে ধরা দিয়েছেন শুভ-মিম।

আজ শুক্রবার (২২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুকে সিনেমার পোস্টারটি শেয়ার করেন মিম। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘ঈদ মোবারক’।

অ্যাকশন ঘরানার ‘মালিক’-এর গল্প এগোবে এক জেদি মানুষকে কেন্দ্র করে যে মায়ের সম্মান ও অধিকার আদায়ের লড়াইয়ে নেমে ধীরে ধীরে হয়ে ওঠে অপরাধ জগতের একচ্ছত্র ক্ষমতাধর ব্যক্তি।

নাম ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। অন্যদিকে সিনেমায় বিদ্যা সিনহা মিম ভিন্নধর্মী অ্যাকশন চরিত্রে হাজির হবেন। চরিত্রটি ফুটিয়ে তুলতে মার্শাল আর্ট ও অ্যাকশন কোরিওগ্রাফির বিশেষ প্রশিক্ষণ নিতে হয়েছে মিমকে।

এ সিনেমার মাধ্যমে দীর্ঘ সাত বছর পর বড় পর্দায় একসঙ্গে ফিরছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। তাই সিনেমাটি এরইমধ্যে আগ্রহ তৈরি করেছে দর্শকমহলে।

Read Previous

আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নজরুলজয়ন্তী উৎসব

Read Next

ঈদে মজাদার দুই পদ

Most Popular