আমেরিকার মিসৌরি রাজ্যের কানসাস সিটিতে অবস্থিত অ্যারোহেড স্টেডিয়ামে বসে সরাসরি আর্জেন্টিনা আর আলজেরিয়ার খেলা উপভোগ করেছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ ও তার স্বামী অভিনেতা ফারুক সোবহান নাঈম। খেলার মাঠে আজেন্টিনার বিজয় ও লিওনেল মেসির হ্যাটট্রিক গোলে উচ্ছ্বসিত দুই তারকা সাপোর্টার।
বুধবার (১৭ জুন) ২০২৬ সালের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার এমন বড় বিজয়ের মুহূর্ত নিজের ভেরিফায়েড ফেসবুকে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন নাদিয়া। একাধিক ছবি ও ভিডিওতে ফুটে উঠেছে এ তারকা দম্পতির বিশ্বকাপ ফুটবল খেলা উদ্যাপন।
ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, আর্জেন্টিনার সাপোর্টার হওয়ায় নাদিয়া প্রিয় দলের জার্সি পরেছেন। অন্যদিকে নাঈম প্রিয় দলের জার্সি না পরলে দলের পতাকার রংকে প্রাধান্য দিয়ে পরেছেন আকাশি রংয়ের টিশার্ট।
প্রিয় তারকার এমন পোস্টের পরই মন্তব্যে ঘরে নেটিজেনরা জানাতে শুরু করেন মিশ্র প্রতিক্রিয়া। আর্জেন্টিনা দলের সাপোর্টাররা অভিনেত্রীর সুরে সুর মিলিয়েছেন।
প্রসেনজিৎ দাস নামে এক ভক্ত নাদিয়াকে উদ্দেশ্য করে লেখেন, ‘জীবন সার্থক বসের খেলা সামনে থেকে দেখা’। সাদিয়া আফরিন নামে আরেক ভক্ত লেখেন, ‘ইতিহাসের সাক্ষী হয়ে গেছেন অভিনন্দন’।
মন্তব্যের ঘরে নেটিজেনদের আরেক অংশ আর্জেন্টিনার এ জয়ে আনন্দ প্রকাশ করেননি। বরং করেছেন কটাক্ষ।
এমডি দেলোয়ার হোসেইন নামে এক নেটিজেন নাদিয়াকে প্রশ্ন ছুঁড়ে লেখেন, ‘বিশ্বের ১ নম্বর দলের সঙ্গে কি খেলেছে আর্জেনটিনা’? পারভেজ আলম স্বপন নামে আরেকজন লেখেন, ‘আর্জেন্টিনা ফ্যানদের উদ্দেশ্যে-একটু ধীরে লাফান! প্রতিপক্ষের অর্ধেক খেলোয়াড় ইনজুরিতে আর আপনাদের উদ্যাপন দেখে মনে হচ্ছে ব্রাজিল, জার্মানি আর ফ্রান্সকে এক ম্যাচে হারিয়ে দিয়েছেন’!
প্রসঙ্গত, ২০১৩ সালে অভিনেতা মনির খান শিমুলের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর ২০১৬ সালের ১৫ জানুয়ারি জনপ্রিয় মডেল ও অভিনেতা এফ এস নাঈমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাদিয়া আহমেদ। দীর্ঘ ১০ বছরের সুখের সংসার এ তারকা দম্পতির।
