প্রথম শ্রেণির ভর্তিপ্রক্রিয়া কেমন হবে, জানালেন শিক্ষামন্ত্রী

আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে লটারিভিত্তিক ভর্তি পদ্ধতি বাতিল করে পরীক্ষা ও এলাকার (ক্যাচমেন্ট এরিয়া) সমন্বয়ে নতুন ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার। তবে এটি প্রচলিত কোনো কঠিন পরীক্ষা হবে না, বরং শিশুদের উপযোগী একটি ‘নামমাত্র’ বা প্রতীকী পরীক্ষা নেয়া হবে।

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।

মন্ত্রী স্পষ্ট করে বলেন, এই ভর্তিপ্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হবে না এবং এর জন্য শিশুদের কোনো কোচিং সেন্টারে যাওয়ার প্রয়োজন পড়বে না।

শিক্ষামন্ত্রী বলেন, ‘ক্লাস ওয়ানে ভর্তির ব্যাপারে আমরা বলেছি, একটা নামমাত্র (নোমিনাল) ভর্তি পরীক্ষা নেব। একই সঙ্গে আমরা ক্যাচমেন্ট এরিয়া নিয়ে কাজ করছি। ক্যাচমেন্ট এরিয়া ও নামমাত্র পরীক্ষা–দুটোকে সমন্বয় করে সিট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ভর্তি পরীক্ষার ধরন কেমন হবে, জানতে চাইলে রসাত্মক সুরে মন্ত্রী বলেন, “এমন কোনো পরীক্ষা আমরা নেব না যে ‘নিউরোসায়েন্স’ বানানোর জন্য ক্লাস ওয়ানের ছেলে-মেয়েদের পরীক্ষা নিচ্ছি! একটু সময় দিন, দেখতে পাবেন।’

তিনি জানান, ভর্তি পরীক্ষার ধরন ও কাঠামো নিয়ে এখনও বিস্তারিত বসা হয়নি, তবে স্থানীয় পর্যায়ে সিট ও এলাকার ওপর ভিত্তি করে এটি সমন্বয় করা হবে।

অতীতে ভর্তি পরীক্ষা নিয়ে ব্যাপক অনিয়ম ও ভর্তি বাণিজ্যের কথা সাংবাদিকরা স্মরণ করিয়ে দিলে মন্ত্রী বলেন, ‘সেটা হতো তখন হতো, এখন আমরা করে নিই। আমরা ক্যাচমেন্ট এরিয়া প্লাস পরীক্ষা-দুটোকে সমন্বয় করে করব।’ ভর্তিপ্রক্রিয়ার পূর্ণাঙ্গ রূপরেখা তৈরিতে কাজ চলছে এবং দ্রুতই তা জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

Read Previous

স্পিকারকে নিজ নিজ ধর্মীয় রীতিতে সম্মান জানাবেন এমপিরা

Read Next

তিন মাসে হাম ও উপসর্গ নিয়ে ৬৬৬ শিশুর মৃত্যু, আক্রান্ত লক্ষাধিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular