৪ কোটি লিটার ভোজ্যতেল কিনবে সরকার, ব্যয় কত?

চার কোটি লিটার ভোজ্যতেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৬৪৫ কোটি ৬ লাখ টাকা।

বুধবার (২৪ জুন) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল ও ২ কোটি লিটার পরিশোধিত পাম অলিন কিনবে সরকার। এতে মোট ব্যয় হবে ৬৪৫ কোটি ৬ লাখ ৯৫ হাজার টাকা।

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে ২ কোটি লিটার পরিশোধিত পাম অলিন (২ লিটার PET বোতলে) ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

এতে মোট ব্যয় ধরা হয়েছে ৩৬৭ কোটি ৯০ লাখ টাকা। ঢাকার শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে এই তেল কেনা হবে। প্রতি লিটার তেলের দাম ধরা হয়েছে ১৮৩ টাকা ৯৫ পয়সা।

এছাড়া বানিজ্য মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের ভিত্তিতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

এতে মোট ব্যয় ধরা হয়েছে ২৭৭ কোটি ১৬ লাখ ৯৫ হাজার টাকা। অস্ট্রেলিয়ার এমসিজি ইন্টারন্যাশনাল পিটিওয়াই লিমিটেড থেকে এই তেল কেনা হবে। প্রতি লিটার তেলের দাম ধরা হয়েছে ১৬৪ টাকা ৭৭ পয়সা।

সভায় ভোজ্যতেল ছাড়াও মসুর ডাল, সার ও এলএনজি ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

Read Previous

জুনের ২৩ দিনে এলো ২২৪ কোটি ডলার রেমিট্যান্স

Read Next

অভিনেতা জাহের আলভী ২ দিনের রিমান্ডে

Most Popular