মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশি সংগীতশিল্পী হাবিবের জনপ্রিয় গান ‘মহাজাদু’ প্রকাশের পর এবার আলোচনায় এসেছে আরেকটি বাংলা গান।
গত ২২ জুন কুয়ালালামপুরের বিখ্যাত সাংস্কৃতিক কেন্দ্র ইস্তানা বুদায়া-তে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর উপলক্ষে আয়োজিত এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে জনপ্রিয় মালয়েশীয় গায়ক আফিক শাজওয়ান বাংলাদেশি শিল্পী ইমরানের জনপ্রিয় গান ‘বলতে বলতে চলতে চলতে’ পরিবেশন করেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে ব্যক্তিগতভাবে উচ্চসিত প্রশংসা পেয়েছেন জনপ্রিয় এই মালয়েশীয়ার গায়ক। এই অর্জনে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে নিজের গভীর কৃতজ্ঞতা ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই শিল্পী।
২৮ বছর বয়সি এই তরুণ শিল্পীর আসল নাম মোহাম্মদ শাফিক শাজওয়ান জামরোজ। তিনি জানান, বিদেশি ভাষা হিসেবে তার বাংলা উচ্চারণ যে এতটা নিখুঁত হবে এবং সেটি স্বয়ং বাংলাদেশের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবে, তা তিনি একেবারেই আশা করেননি। অনুষ্ঠান শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তাকে বিশেষভাবে ডেকে নিয়ে তার পরিবেশনার ভূয়সী প্রশংসা করেন।
নিজের অনুভূতি ব্যক্ত করে ইনস্টাগ্রাম পোস্টে আফিক লিখেন, আমি ভাবতেও পারিনি পারফর্ম্যান্সের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজে আমাকে ডেকে প্রশংসা করবেন। আমার বাংলা উচ্চারণ একদম সঠিক ও নিখুঁত ছিল বলে তিনি মন্তব্য করেন। সবচেয়ে বড় বিষয়, সেসময় আমাদের দেশের প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমও সেখানে উপস্থিত ছিলেন। আলহামদুলিল্লাহ, এটি আমার জন্য সম্পূর্ণ নতুন একটি চ্যালেঞ্জ ছিল এবং আমার কঠোর পরিশ্রম আজ সার্থক হয়েছে।’
কুয়ালালামপুরের বিখ্যাত সাংস্কৃতিক কেন্দ্র ‘ইস্তানা বুদায়া’-তে অনুষ্ঠিত এই বিশেষ রাষ্ট্রীয় অনুষ্ঠানে পারফর্ম করার জন্য আফিককে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল। একটি সম্পূর্ণ বিদেশি ভাষায় এতটা চমৎকারভাবে গান পরিবেশন করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন ও প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন।
