বিশ্বকাপের নকআউট পর্বে অন্যতম বড় অঘটনের জন্ম দিল প্যারাগুয়ে। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে পেনাল্টি শুটআউটে হারিয়ে শেষ ১৬-তে জায়গা করে নিয়েছে দক্ষিণ আমেরিকার দলটি। এই ঐতিহাসিক জয়ের পর মঙ্গলবার (৩০ জুন) দেশজুড়ে জাতীয় ছুটি ঘোষণা করেছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়া।
ম্যাচের নায়ক গোলরক্ষক ওরল্যান্ডো হিল। নির্ধারিত সময়ে ৫৪ মিনিটে কাই হাভার্টজের গোল ঠেকাতে না পারলেও, শুটআউটে অসাধারণ পারফরম্যান্সে তিনি জয়ের নায়ক হয়ে ওঠেন। প্রথমেই হাভার্টজের শট রুখে দেন হিল। পরে নিক ভল্টেমাদের প্রচেষ্টাও ব্যর্থ করে জার্মানিকে চাপে ফেলে দেন তিনি।
ম্যাচজুড়ে জার্মানিরই ছিল আধিপত্য। বলের দখল ও আক্রমণে তারা ছিল অনেক এগিয়ে। ২১টি শট নেয় জার্মানি, যেখানে প্যারাগুয়ের শট ছিল মাত্র সাতটি। অতিরিক্ত সময়ের শেষদিকে জার্মানির সম্ভাব্য জয়সূচক গোল ভিএআর পর্যালোচনায় বাতিল হয়। রিপ্লেতে দেখা যায়, গোলের আগে জোনাথান টাহ’র জন্য তৈরি হওয়া আক্রমণে গোলরক্ষক হিলকে বাধা দিয়েছিলেন ওয়ালডেমার আন্তন।
শুটআউটে প্যারাগুয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে গেলেও শেষ মুহূর্তে আন্তোনিনো সানাব্রিয়া ও ফাবিয়ান বালবুয়েনা সুযোগ কাজে লাগাতে পারেননি। ফলে লড়াই গড়ায় সাডেন ডেথে। সেখানে টাহ’র শট বার উড়িয়ে যাওয়ার পর হোসে কানালে জয়সূচক কিক থেকে প্যারাগুয়েকে স্মরণীয় জয় এনে দেন।
আগামী শনিবার (৪ জুলাই) ফিলাডেলফিয়ায় কোয়ার্টার ফাইনালে ফ্রান্স অথবা সুইডেনের মুখোমুখি হবে প্যারাগুয়ে। ঐতিহাসিক এই সাফল্য উদ্যাপনে প্রেসিডেন্টের ঘোষণায় ৩০ জুন দেশব্যাপী জাতীয় ছুটি পালন করা হচ্ছে।
