আকুর দায় শোধের পর কমলো দেশের রিজার্ভ

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে এখন ৩৬ দশমিক ৫১ বিলিয়ন ডলার বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, মে ও জুন মাসের আকুর বিল পরিশোধ করা হয়েছে ১ হাজার ৪৮৫ দশমিক ০৪ মিলিয়ন বা ১ দশমিক ৪৮ বিলিয়ন ডলার। এতে ৭ জুলাই পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৫১৯ দশমিক ৭৮ মিলিয়ন বা ৩৬ দশমিক ৫১ বিলিয়ন ডলার।

আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ হাজার ৮৭১ দশমিক ৪০ মিলিয়ন বা ৩১ দশমিক ৮৭ বিলিয়ন মার্কিন ডলারে।

এর আগে গত ৬ জুলাই পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৭ হাজার ৮৪৭ দশমিক ৭৭ মিলিয়ন বা ৩৭.৮৪ বিলিয়ন মার্কিন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিত রিজার্ভ ছিল ৩৩ হাজার ১৯৯ দশমিক ৩৯ মিলিয়ন বা ৩৩.১৯ বিলিয়ন ডলার।

উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

জাতিসংঘের এশিয়া অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইএসক্যাপ) উদ্যোগে ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর আকু প্রতিষ্ঠিত হয়। এর সদর দফতর ইরানের তেহরানে। আকুর সদস্যদেশগুলো হচ্ছে-বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ।

Read Previous

মেসি-আলভারেজকে নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

Read Next

ব্রাজিলভক্ত রতনের আত্মহত্যা, ফেসবুকে যা লিখলেন অপূর্ব

Most Popular