বিশ্বকাপ ফুটবলের একটি ম্যাচে রেফারিংয়ে পক্ষপাতের অভিযোগ তুলে ফিফার সভাপতি ও ম্যাচ রেফারির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ নিয়ে গেছেন এক তরুণ। ওই ম্যাচে পূর্বপরিকল্পিত জালিয়াতি ও কোটি কোটি মানুষের আবেগ নিয়ে খেলার অভিযোগ তুলে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেছেন তিনি।
বুধবার (৮ জুলাই) রাতে নোয়াখালীর সুধারাম মডেল থানায় এ লিখিত অভিযোগ নিয়ে উপস্থিত হন মো. রাকিব (২২) নামের ওই তরুণ। তিনি সদর উপজেলার মান্দারতলী গ্রামের বাসিন্দা। তবে পুলিশ জানিয়েছে, এ বিষয়ে তাদের কোনো আইনগত এখতিয়ার নেই।
অভিযোগে রাকিব দাবি করেন, গত মঙ্গলবার (৭ জুলাই) রাতে তিনি স্থানীয় করমুল্যা বাজারে আরও অনেকের সঙ্গে বড় পর্দায় আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার বিশ্বকাপ ফুটবলের ম্যাচটি দেখছিলেন। ম্যাচে রেফারি ইচ্ছাকৃতভাবে একটি দলকে সুবিধা দিয়েছেন এবং এতে তার প্রিয় দল মিশর পরাজিত হয়েছে। তিনি তার অভিযোগে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, ম্যাচ রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরসহ ১৫ থেকে ২০ জনকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করেন।
রাকিবের অভিযোগ, ম্যাচে অন্যায্য পেনাল্টি দেয়া, বৈধ গোল বাতিল করা এবং মিশরের খেলোয়াড় ও কোচের বিরুদ্ধে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেয়ার মাধ্যমে ফলাফল প্রভাবিত করা হয়েছে। এতে তিনি ও মিশরের সমর্থকেরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি ফিফার কাছ থেকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ এবং অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা নেয়ার দাবি জানান।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ‘ওই তরুণের অভিযোগ নিয়ে আসার বিষয়টি সত্য। তবে এ ধরনের বিষয়ে স্থানীয় থানার আইনগত এখতিয়ার নেই। অভিযোগকারীকে বিষয়টি বুঝিয়ে বলা হয়েছে এবং প্রয়োজন হলে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।’
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে মো. রাকিব বলেন, ‘আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার ফুটবল ম্যাচটি দেখার পর থেকে আমি ও আমার অভিযোগের সাক্ষীরা চরমভাবে ভেঙে পড়েছি। এই অন্যায়ের বিচার হওয়া উচিত।’
তিনি আরও জানান, পুলিশ অভিযোগটি মামলা হিসেবে নেয়নি। তাই তিনি একই অভিযোগ নিয়ে আদালতে যাবেন। প্রয়োজনে মানববন্ধনসহ অন্য কর্মসূচিও পালন করবেন।
