ফ্রান্সের বদলে মরক্কোর হয়ে খেলার সিদ্ধান্তে আফসোস নেই বুয়াদ্দির

আয়োব বুয়াদ্দির সামনে সুযোগ ছিল ফ্রান্স জাতীয় দলের হয়ে খেলার। গত মার্চে ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের অধিনায় ছিলেন তিনি। কিন্তু সিনিয়র পর্যায়ে বেছে নিয়েছেন মরক্কোকে। এই সিদ্ধান্তে কোনো আফসোস নেই তার।

বুয়াদ্দি ২০২৬ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালিস্ট হওয়া মরক্কো দলের সদস্য। গতকাল শেষ আটে তার দল ফ্রান্সের কাছে ২-০ ব্যবধানে হেরেছে। এই ম্যাচের পর ফ্রান্সের পরিবর্তে মরক্কোকে বেছে নেওয়ার কারণ জানান তিনি।

হারের পরও তিনি বলেছেন, মরক্কোর হয়ে খেলার সিদ্ধান্ত নিয়ে তিনি সম্পূর্ণ সন্তুষ্ট। ‘মরক্কোকে বেছে নেওয়ার জন্য আমার কোনো অনুশোচনা নেই। আমি সবসময় বলেছি, এটা হৃদয়ের সিদ্ধান্ত। মরক্কোর প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত, ফলাফল যাই হোক না কেন।’

তিনি আরও বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খেলোয়াড়, কোচিং স্টাফ; সবাই জানি যে, যাই ঘটুক না কেন, আমরা এই জার্সির জন্য সবসময় সর্বোচ্চটা দেব। আমরা গর্বিত, যদিও আমরা মরক্কোর মানুষকে আরও বেশি আনন্দ দিতে চেয়েছিলাম। ভবিষ্যতের প্রতিযোগিতাগুলোর জন্য আমরা বুঝতে পেরেছি, আরও এগিয়ে যেতে হলে কোন কোন দিক উন্নত করতে হবে। আমরা কাজ চালিয়ে যাব এবং নিজেদের আরও উন্নত করব।’

বুয়াদ্দির জন্ম ফ্রান্সের উত্তর অংশে। সেখানে বেড়েও উঠেছেন এই ১৮ বছর বয়সি। লিলের এই মিডফিল্ডার এবারের বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করেছেন। ব্রাজিলের বিপক্ষে মরক্কোর হয়ে প্রতিযোগিতামূলক অভিষেক ম্যাচেই তিনি নজর কাড়েন এবং এরপর দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়ে পরিণত হন।

তবে ফ্রান্সের বিপক্ষে তেমন প্রভাব রাখতে পারেননি। বুয়াদ্দি বলেন, ‘ম্যাচের আগে থেকেই আমরা জানতাম, আমাদের প্রতিপক্ষ খুব শক্তিশালী। আমরা জানতাম, এটি কঠিন ম্যাচ হবে এবং আমাদের সর্বোচ্চ পরিশ্রম করতে হবে। আমার মনে হয় আমরা আমাদের সবকিছু উজাড় করে দিয়েছি, শতভাগ চেষ্টা করেছি। কিন্তু ফুটবলে সবসময় জেতা যায় না।’

Read Previous

এমবাপের গোল ঘিরে নতুন করে ভিএআর বিতর্ক

Read Next

দেশে কাঁচামাল আমদানি কমেছে, কারণ কী?

Most Popular