ক্রীড়াজগতে নিজের ইতিহাসের অন্যতম বড় বিনিয়োগ করতে যাচ্ছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম বিখ্যাত ফুটবল ক্লাব লিভারপুল এফসির ৩০ শতাংশ মালিকানা কিনতে একটি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা চালাচ্ছেন এই মার্কিন ধনকুবের।
বুধবার (২২ জুলাই) দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সম্প্রতি কুইন্স পার্ক রেঞ্জার্সের সাবেক সহ-মালিক অমিত ভাটিয়ার নেতৃত্বে গঠিত একটি প্রতিনিধি দল ক্লাবের বর্তমান মালিক ‘ফেনওয়ে স্পোর্টস গ্রুপ’-এর কাছে প্রায় ১.৩৫ বিলিয়ন পাউন্ডের (প্রায় ১.৮ বিলিয়ন মার্কিন ডলার) প্রাথমিক প্রস্তাব জমা দিয়েছে। এই কনসোর্টিয়ামের সঙ্গেই যুক্ত হওয়ার প্রক্রিয়ায় রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস।
যদি এই চুক্তিটি সম্পন্ন হয়, তবে লিভারপুল এফসির আনুমানিক মূল্য দাঁড়াবে প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলারে। এর ফলে এটি বিশ্বের অন্যতম সর্বোচ্চ মূল্যের স্পোর্টস ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হবে এবং ২০২৪ সালে স্যার জিম র্যাটক্লিফের ম্যানচেস্টার ইউনাইটেডের ৩০% শেয়ার কেনার মূল্যমানকেও বহুদূরে পেছনে ফেলে দেবে।
অ্যামাজন প্রধান জেফ বেজোস এর আগেও খেলাধুলার জগতে দল কেনার সম্ভাবনা খতিয়ে দেখেছেন। অতীতে যুক্তরাষ্ট্রের সিয়াটল সিহকস এবং ওয়াশিংটন কমান্ডারস-এর মালিকানা কেনার আলোচনা করলেও তা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি।
তবে এবারই প্রথম প্রিমিয়ার লিগের কোনো ক্লাবের প্রতি আগ্রহ দেখাচ্ছেন এই বিলিয়নেয়ার। বিশ্বজুড়ে খেলাধুলার দল কেনার ক্ষেত্রে ধনকুবেরদের যে ট্রেন্ড তৈরি হয়েছে, বেজোসের এই পদক্ষেপ যেন তারই প্রতিফলন।
এ সম্পর্কে ফেনওয়ে স্পোর্টস গ্রুপ-এর একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে, অমিত ভাটিয়ার নেতৃত্বাধীন দলটি লিভারপুলে একটি কৌশলগত বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। তবে এই কনসোর্টিয়ামে জেফ বেজোসের অংশগ্রহণের বিষয়টি তারা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত বা অস্বীকার কোনোটাই করতে চায়নি।
অন্যদিকে, এই প্রতিবেদনের বিষয়ে অ্যামাজন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
