হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে ভারত জুলাই শহীদদের অসম্মান করেছে: রিজভী

ভারতে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়ে ভারত জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের অসম্মান করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত ও পলাতক একজন আসামিকে বাংলাদেশে ফেরত না দিয়ে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া শুধু বিচার প্রক্রিয়ার প্রতি অসম্মান নয়, বরং বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্বের প্রতিও অবমাননা।

তিনি অভিযোগ করেন, শেখ হাসিনাকে উদ্দেশ্যমূলকভাবে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ করে দেওয়া বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তার দাবি, শেখ হাসিনার দেশত্যাগের দিন তাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার পেছনে ভারতের প্রত্যক্ষ সমর্থন বা ইন্ধন ছিল।

এ সময় বিএনপির এই নেতা বলেন, বর্তমান সরকার গ্যাস সংকট, হাম, ডেঙ্গুসহ বিভিন্ন জাতীয় সংকট মোকাবিলায় কাজ করছে। এসব বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

Read Previous

দর্শনার্থীদের জন্য চালু হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর

Read Next

প্রধানমন্ত্রীর সাক্ষাতে পূরণ হলো অনুশ্রীর স্বপ্ন

Most Popular