যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) পুনরায় চালু হওয়ায় আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এই আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী জানান, এফএসআরইউ মেরামতের কাজ শেষ হওয়ায় বিকেল থেকেই মূল লাইনে গ্যাস সঞ্চালন পুনরায় শুরু হচ্ছে। এর ফলে যে পাইপলাইনগুলোতে গ্যাসের চাপ কমে গিয়েছিল, সেগুলোতে আস্তে আস্তে প্রেসার বাড়বে এবং বিদ্যমান সংকট কাটতে শুরু করবে।
গ্যাস সংকটের কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া বিদ্যুৎকেন্দ্রগুলো নিয়ে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, গ্যাস সরবরাহ শুরু হওয়ার পর বন্ধ থাকা পাওয়ার স্টেশনগুলো আবার চালু করা হবে, যা সামগ্রিক লোডশেডিং পরিস্থিতির উন্নতি ঘটাবে।
