শ্রীলঙ্কায় প্রথমবার সক্রিয় ক্রিকেটারদের সংগঠন, সভাপতি কুশল মেন্ডিস

শ্রীলঙ্কার ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা হলো। প্রথমবারের মতো বর্তমান পেশাদার ক্রিকেটারদের নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে শ্রীলঙ্কান প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসএলপিসিএ)। সংগঠনটির প্রথম সভাপতি নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার বর্তমান টেস্ট অধিনায়ক কুশল মেন্ডিস।

পুরুষ ও নারী-দুই জাতীয় দলের সক্রিয় ক্রিকেটারদের প্রতিনিধিত্ব করবে এসএলপিসিএ। ওয়ানিন্দু হাসারাঙ্গা, নারী দলের অধিনায়ক চামারি আতাপাত্তুসহ শ্রীলঙ্কার বেশ কয়েকজন তারকা ক্রিকেটার সংগঠনটি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

এসএলপিসিএ সরাসরি ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ডব্লিউসিএ) অধিভুক্ত। এর ফলে শ্রীলঙ্কার ক্রিকেটাররা প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলোয়াড়-অধিকার, কল্যাণ ও সুরক্ষা কার্যক্রমের সঙ্গে প্রাতিষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার সুযোগ পেলেন।

এত দিন শ্রীলঙ্কা ছিল বিশ্বের উল্লেখযোগ্য কয়েকটি ক্রিকেটীয় দেশের মধ্যে একটি, যেখানে ডব্লিউসিএ-স্বীকৃত সক্রিয় ক্রিকেটার সংগঠন ছিল না। নতুন এই সংগঠনটি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের খেলোয়াড় সংগঠনগুলোর আদলে কাজ করবে।

বছরের পর বছর শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ও খেলোয়াড়দের মধ্যে নানা বিষয়ে মতবিরোধ দেখা গেছে। আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনাপত্তিপত্র ও বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষা নিয়েও সম্প্রতি বিরোধ তৈরি হয়েছিল। এসব বিষয়ে ক্রিকেটারদের সম্মিলিত অবস্থান তুলে ধরাই হবে এসএলপিসিএর অন্যতম প্রধান কাজ।

সংগঠনটি জানিয়েছে, শ্রীলঙ্কার ক্রিকেটে সংস্কার ও আধুনিকায়নের চলমান প্রক্রিয়ায় ক্রিকেটারদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতেই এই উদ্যোগ।

Read Previous

তারেক রহমান-নরেন্দ্র মোদি আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে: দীনেশ ত্রিবেদী

Read Next

রাষ্ট্রপতি নির্বাচন: দুই মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি

Most Popular