আমাদের দেশে প্রচলিত তোশক, জাজিম, ম্যাট্রেস নরম হলেও এগুলোর ওপর সিজদা শুদ্ধ হয়, নামাজও শুদ্ধ হয়। এগুলো সাধারণত এত নরম হয় না যে রকম নরম জায়গায় সিজদা ও নামাজ শুদ্ধ হয় না।
সিজদার জায়গাটি যদি এমন হয় যে, তাতে মাথা রাখলে মাথা স্থিরই হয় না; বরং মাথা নিচের দিকে যেতেই থাকে, তাহলে তাতে সিজদা আদায় হয় না এবং নামাজও শুদ্ধ হয় না। কিন্তু সিজদার জায়গা যদি ততটা নরম না হয়, বরং কিছুটা নরম হলেও এবং তাতে মাথা শক্তভাবে রাখলে কিছুটা নিচে চলে গেলেও এরপর তাতে মাথা স্থির হয়ে যায়, তাহলে এ রকম নরম জায়গায় সিজদা ও নামাজ শুদ্ধ হয়।
সুতরাং আমাদের দেশে সাধারণভাবে প্রচলিত তোশক, জাজিম ও ম্যাট্রেস নরম হলেও তাতে যেহেতু একটা পর্যায়ে মাথা স্থির হয়ে যায়, তাই এগুলোর ওপর নামাজ আদায় করতে কোনো সমস্যা নেই। তবে যে কোনো রকম বিছানা বা ফোমের তোশক যদি অনেক বেশি নরম এবং অনেক বেশি মোটা হয়, যাতে শক্তভাবে সিজদা করলে এর ভেতর চেহারা অদৃশ্য হয়ে যায় কিন্তু মাথা স্থির হয় না, তাহলে তাতে সিজদা করা শুদ্ধ হবে না।
জাজিম বা তোশক অপবিত্র হলেও তাতে জায়নামাজ বা কোনো পবিত্র কাপড় বিছিয়ে নামাজ আদায় করা যায়। মোটা তোশক বা জাজিমের এক পিঠে নাপাকি লাগলে তার অপর পিঠে যদি নাপাকির রং, আর্দ্রতা বা গন্ধ প্রকাশ না পায়, তাহলে অন্য পিঠে নামাজ আদায় করা যায়। একইভাবে তোশক, কাঁথা, লেপ বা কম্বলের এক অংশ নাপাক হলে এর পাক অংশে নামাজ পড়া জায়েজ আছে।
