রাজধানীতে আবারও তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে নগরবাসী

চলমান সংকটের মধ্যেই রাজধানীতে আবারও কমেছে গ্যাসের সরবরাহ। বুধবার (১২ আগস্ট) নগরীর বিভিন্ন এলাকার ফিলিং স্টেশন ও বাসাবাড়িতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে কোথাও গ্যাস সরবরাহ বন্ধ থাকায় স্টেশন বন্ধ করে রাখা হয়েছে, আবার কোথাও গ্যাসের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। কয়েকটি স্টেশনে ‘গ্যাস নেই’ লেখা সাইনবোর্ডও টানিয়ে রাখা হয়েছে।

মালিবাগ, তেজগাঁও, বাড্ডা, খিলক্ষেত, উত্তরা ও মিরপুরের বেশ কয়েকটি সিএনজি স্টেশন ঘুরে গ্যাস না থাকার চিত্র দেখা গেছে। স্টেশনকর্মীরা জানান, সাধারণত রাত ১২টার পর কিছুটা গ্যাসের সরবরাহ পাওয়া যায়। তবে তখনও চাপ থাকে খুবই কম। বুধবার দুপুর পর্যন্ত অনেক স্টেশনেই গ্যাসের সরবরাহ পাওয়া যায়নি।

এদিকে শুধু ফিলিং স্টেশন নয়, বাসাবাড়িতেও গ্যাসের চাপ কমে যাওয়ায় বিপাকে পড়েছেন নগরবাসী। অনেক এলাকায় চুলা জ্বললেও পর্যাপ্ত চাপ না থাকায় রান্না করা সম্ভব হচ্ছে না।

স্টেশনকর্মীরা জানান, গত শুক্রবার ও শনিবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক ছিল। তবে সোমবার থেকে আবার গ্যাসের সরবরাহ কমতে শুরু করেছে। এর ফলে গ্যাসের জন্য বিভিন্ন স্টেশনে দীর্ঘ সারি তৈরি হচ্ছে এবং ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের।

হঠাৎ করে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় একদিকে গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহনের জ্বালানি সংগ্রহে দুর্ভোগ বেড়েছে, অন্যদিকে বাসাবাড়িতে রান্নার কাজেও দেখা দিয়েছে চরম ভোগান্তি।

Read Previous

ছোটবেলার ছবি শেয়ার করে ফেসবুকে যা লিখলেন জাইমা রহমান

Read Next

মির্জা ফখরুলই হলেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী

Most Popular