বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়াতে সুইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি, সবুজ প্রযুক্তি, ওষুধ, প্রকৌশল ও টেলিযোগাযোগ খাতে সুইডিশ বিনিয়োগ চেয়েছেন তিনি।
বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এ তথ্য জানান।
বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সেই সঙ্গে উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, অভিবাসন ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।
বাংলাদেশকে সুইডেনের দীর্ঘদিনের বিশ্বস্ত অংশীদার উল্লেখ করে এ দেশের আর্থসামাজিক উন্নয়ন, গণতান্ত্রিক উত্তরণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সুইডেনের সহযোগিতার প্রশংসা করেন হুমায়ুন কবির। বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভবিষ্যৎ বাণিজ্যিক ব্যবস্থা নিয়েও আলোচনা হয়।
এসময় নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন, দক্ষ কর্মী অভিবাসন ও কারিগরি প্রশিক্ষণে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে সুইডেনের অব্যাহত সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখার আহ্বান জানান তিনি।
রাষ্ট্রদূত নিকোলাস উইকস বাংলাদেশ-সুইডেন সম্পর্ক আরও জোরদারে তার দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কারের উদ্যোগ ও রোহিঙ্গাদের প্রতি মানবিক সহায়তার প্রশংসা করেন।
