চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে নকল ঘি উৎপাদন ও মূল্যতালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে চার প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৪ অক্টোবর) ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্ল্যাহর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ‘আরিফের ফল বিতান’ নামের একটি ফলের দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে ‘পারভিন ট্রেডার্স’ নামের একটি ডিমের দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া ‘এম আর কনজিউমারস প্রোডাক্টস’ নামের একটি প্রতিষ্ঠানে নকল ঘি উৎপাদনের অভিযোগে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
আরাকান রোডের ‘হোসেন এন্টারপ্রাইজ’ নামের এলপিজি সিলিন্ডার বিক্রয়কারী প্রতিষ্ঠানকে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্ল্যাহ জানান, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ ও বাজারে অনিয়ম প্রতিরোধে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
