ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলে লাইবেরিয়ার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকারে আগুন লেগেছে। তবে জাহাজটিতে থাকা ২৩ জন নাবিককেই উদ্ধার করা হয়েছে। তারা সবাই ভারতীয় নাগরিক বলে জানা গেছে।
গত মঙ্গলবার (৬ অক্টোবর) রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানায়, ‘নৌ ড্রোন’ দিয়ে ট্যাংকারটিতে হামলা চালানো হয়। এতে কৃষ্ণসাগরের পানিতে থাকা অপরিশোধিত তেলে আগুন ধরে যায়। তবে আগুনের তীব্রতার কারণে এখনো তা নেভানো সম্ভব হয়নি।
এদিকে, আগুনের তীব্রতা কিছুটা কমলে আবারও তা নেভানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছে রাশিয়ার পরিবহন মন্ত্রণালয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সমুদ্রের ওপর উজ্জ্বল কমলা রঙের আগুন দেখা গেছে। একই সঙ্গে, আকাশের দিকে ঘন কালো ধোঁয়া উঠতেও দেখা যায়।
এর এক দিন আগেই রোমানিয়ার উপকূলের কাছে আরেকটি জাহাজে আগুন ধরে যায়। পরে জাহাজটি ডুবে যায়।
ওই ঘটনায় একজন নিহত এবং একজন নিখোঁজ রয়েছেন। জাহাজটিতে রাশিয়া ড্রোন হামলা চালিয়েছিল বলে অভিযোগ করেছে ইউক্রেন। ওই ঘটনায়ও একজন ভারতীয় নাবিক আহত হন।
এসব জাহাজ ইউরোপীয় ইউনিয়নের সদস্য রোমানিয়ার উপকূলের কাছ দিয়ে চলাচল করছিল।
অন্যদিকে, ইউক্রেন রাশিয়ার তেল অবকাঠামোয় চালানো হামলাকে মস্কোর হামলার জবাব হিসেবে দেখছে। দেশটির অভিযোগ, রাশিয়া নিয়মিত রাতে ইউক্রেনের শহর ও জনবসতিতে হামলা চালিয়ে আসছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই হামলা আরও বাড়ানোর হুমকি দিয়েছে।
এর আগে, দক্ষিণ রাশিয়ার তেল স্থাপনাগুলোতে ইউক্রেনের হামলার পর সমুদ্রে তেল ছড়িয়ে পড়া এবং সৈকত বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটেছে। একই সঙ্গে আকাশ থেকে বিষাক্ত কালো বৃষ্টি পড়ার ঘটনাও ঘটেছে।
