মুম্বাই, গ্রিস ও প্যারিসে বিয়ের প্রস্তাব সাইফের, শেষে কোথায় ‘হ্যাঁ’ বলেছিলেন কারিনা

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি পতৌদি পরিবারের নবাব সাইফ আলি খান ও অভিনেত্রী কারিনা কাপুর ২০০৭ সালে ‘টশন’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের ঘনিষ্ঠতা বাড়ে। এরপর কয়েক বছর সম্পর্কে থাকার পর ২০১২ সালের অক্টোবরে বিয়ের বন্ধনে আবদ্ধ হন এ তারকা জুটি। চলতি বছরের অক্টোবরে দাম্পত্য জীবনের ১৪ বছর পূর্ণ করেছেন সাইফ-কারিনা।

এ তারকা দম্পতির প্রেমের গল্প বরাবরই ভক্ত-অনুরাগীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। দীর্ঘ দাম্পত্য জীবনে তাদের সম্পর্কের রসায়ন যেমন আলোচনায় থাকে, ঠিক তেমনি কৌতূহল জাগায় প্রেমের শুরুর দিনগুলোর নানা ঘটনা কেন্দ্র করে।

এবার নিজেদের সেই সময়ের মজার স্মৃতি সামনে আনলেন কাপুর পরিবারের কন্যা কারিনা কাপুর। অভিনেত্রীকে বিয়ের প্রস্তাব দিতে একবার নয়, তিন-তিনবার চেষ্টা চালিয়েছেন সাইফ আলি খান। মুম্বাই ও গ্রিসে প্রস্তাব দিয়েও সাড়া না পাওয়ায় শেষ পর্যন্ত প্যারিসে গিয়ে পতৌদি পরিবারের নবাবের ডাকে সাড়া দেন কারিনা কাপুর।

সম্প্রতি কপিল শর্মার অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়েছিলেন সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। সেখানেই নিজেদের প্রেমের দিনগুলোর স্মৃতিচারণ করতে গিয়ে এ গল্প শোনান অভিনেত্রী।

প্রিয় মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে তিনটি জায়গায় নিজের মনের কথা জানিয়েছিলেন সাইফ আলি খান। তবে গল্পের সবচেয়ে মজার অংশ ছিল এ নিয়ে অভিনেতার প্রতিক্রিয়া।

কারিনা যখন বলেন মুম্বাই, গ্রিস ও প্যারিসে- তিন তিনবার প্রস্তাব দেওয়ার পর তিনি বিয়েতে সম্মতি দিয়েছিলেন, তখন রসিকতা করে সাইফ আলি খান বলেন, মুম্বাইয়েই কারিনা রাজি হয়ে গেলে তার অনেক টাকা বেঁচে যেত!

সাইফের এমন মন্তব্যে অনুষ্ঠান মঞ্চে হাসির রোল ওঠে। প্রেমের প্রস্তাবের সঙ্গে ভ্রমণের খরচকে মিলিয়ে নবাবের এ রসিকতা দর্শকদেরও আনন্দ দিয়েছে। তাদের প্রেমের গল্পে যে হাসিঠাট্টারও বিশেষ জায়গা রয়েছে, এ ঘটনা যেন আবারও সেটিই মনে করিয়ে দিল।

Read Previous

দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী নিরলস কাজ করছে: আইজিপি

Read Next

২১ পদে জনবল নেবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular