বিশ্বজুড়ে বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে ডিজনির অ্যানিমেশন সিক্যুয়েল ‘জুটোপিয়া টু’। মুক্তির মাত্র ১৭ দিনের মধ্যেই ছবিটি বিশ্বব্যাপী ১ বিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক ছুঁয়ে ফেলেছে। এর মধ্য দিয়ে সর্বকালের দ্রুততম পারিবারিক অ্যানিমেশন ছবি হিসেবে এই অর্জন করল ‘জুটোপিয়া টু’।
ডিজনির প্রযোজনায় নির্মিত ছবিটি এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও কানাডার বাজার থেকে আয় করেছে প্রায় ২৩২ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও প্রায় ৭৫৩ মিলিয়ন ডলার। সব মিলিয়ে মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৯৮৬ মিলিয়ন মার্কিন ডলার, যা খুব দ্রুতই ১ বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে।
চলতি বছরে এটি তৃতীয় ছবি হিসেবে ১ বিলিয়ন ডলারের ক্লাবে প্রবেশ করল। এর আগে ডিজনিরই ‘লিলো অ্যান্ড স্টিচ’ এবং চীনের অ্যানিমেশন ব্লকবাস্টার ‘নে ঝা টু’ এই কীর্তি গড়েছিল। উল্লেখযোগ্যভাবে, বিশ্ব চলচ্চিত্র ইতিহাসে এখন পর্যন্ত মাত্র ১৩টি অ্যানিমেশন ছবি ১ বিলিয়ন ডলারের বেশি আয় করতে পেরেছে, যার মধ্যে ১০টিই ডিজনির প্রযোজনা।
ডিজনি অ্যানিমেশন স্টুডিওর প্রধান সৃজনশীল কর্মকর্তা জ্যারেড বুশ এই সাফল্যকে কেবল আর্থিক অর্জন হিসেবে দেখছেন না। তিনি বলেন,
“এই ছবিতে আমাদের প্রতিটি সদস্য তাদের হৃদয় ও সৃজনশীলতা উজাড় করে দিয়েছে। এই সাফল্য প্রমাণ করে, সারা বিশ্বের দর্শক এখনো একসঙ্গে প্রেক্ষাগৃহে বসে গল্প উপভোগ করতে চায়। এটাই ‘জুটোপিয়া’র স্বপ্ন।”
প্রথম ‘জুটোপিয়া’ মুক্তির নয় বছর পর থ্যাংক্সগিভিং উৎসবকে সামনে রেখে দ্বিতীয় কিস্তি মুক্তি পায়। মুক্তির প্রথম পাঁচ দিনের ছুটিতে উত্তর আমেরিকায় ছবিটির আয় দাঁড়ায় প্রায় ১৫৮ মিলিয়ন ডলার, আর বিশ্বজুড়ে আয় হয় প্রায় ৫৫৯ মিলিয়ন ডলার। এটি পারিবারিক অ্যানিমেশন ছবির ইতিহাসে অন্যতম সেরা সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।
চীনের বাজারেও ব্যাপক সাড়া ফেলেছে ‘জুটোপিয়া টু’। দেশটিতে এখন পর্যন্ত ছবিটির আয় প্রায় ৪৩০ মিলিয়ন মার্কিন ডলার, যা একে চীনে মুক্তিপ্রাপ্ত বিদেশি ছবির মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের তালিকায় নিয়ে গেছে।
জ্যারেড বুশ ও বায়রন হাওয়ার্ড পরিচালিত এই অ্যানিমেশন ছবিতে প্রাণীদের শহর জুটোপিয়ায় আবারও ফিরে আসে খরগোশ পুলিশ কর্মকর্তা জুডি হপস ও ধূর্ত শিয়াল নিক ওয়াইল্ড। নতুন এক রহস্যময় সরীসৃপ চরিত্রকে কেন্দ্র করে এগোয় গল্প, যেখানে রয়েছে রহস্য, আবেগ ও সামাজিক বার্তা।
সমালোচকদের প্রশংসা, দর্শকদের মুখে মুখে প্রশংসা এবং পারিবারিক দর্শকদের দীর্ঘদিনের প্রত্যাশা-সবকিছু মিলিয়েই বিশ্ব বক্স অফিসে দুর্দান্ত সাফল্যের পথে এগিয়ে চলেছে ‘জুটোপিয়া টু’।
