যুবশক্তি উন্নয়ন এবং জাতীয় নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি পাইলট প্রজেক্টের প্রশিক্ষণ কার্যক্রমের প্রথম পর্ব শুরু হয়েছে।
রোববার (৪ অক্টোবর) দেশের নয়টি জেলায় একযোগে তা শুরু হয়। এগুলো হলো- ঢাকা জেলার সাভার, টাঙ্গাইল, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, বগুড়া, গাজীপুর, পটুয়াখালী ও রাজশাহী। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।
সাভারের বাইপাইলে বিএনসিসি ট্রেনিং একাডেমিতে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমানবাহিনী এবং অন্যান্য সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় আনসার-ভিডিপি ও বিএনসিসির সদস্যদের নিজ নিজ প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তত্ত্বাবধানে আনসার-ভিডিপি ও স্কাউটসের সদস্যদের বেসামরিক প্রতিরক্ষা বা সিভিল ডিফেন্সবিষয়ক সপ্তাহব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে।
বিএনসিসি, আনসার-ভিডিপি, স্কাউটস এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণের পাইলট প্রজেক্টের কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সব কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীর আন্তরিক সহযোগিতা ও দায়িত্বশীল অংশগ্রহণ প্রত্যাশা করা হয়।
