শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারা দেশের পূজামণ্ডপগুলোর অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। পূজামণ্ডপের নিরাপত্তায় সংস্থাটির পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদের নির্দেশনায় এ মনিটরিং সেল গঠন করা হয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, কেন্দ্রীয় মনিটরিং সেল দিন-রাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থায় থেকে ফায়ার সার্ভিসের সব নিয়ন্ত্রণকক্ষ, বিভাগীয় মনিটরিং সেল ও ফায়ার সার্ভিস স্টেশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। পাশাপাশি প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) মনিটরিং সেল পরিদর্শন করেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকার সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান, সিনিয়র স্টাফ অফিসার শামস আরমান ও সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন মোল্লাসহ অন্য কর্মকর্তারা।
শারদীয় দুর্গাপূজা চলাকালে পূজামণ্ডপগুলোতে অগ্নিনিরাপত্তা কার্যক্রম তদারকি এবং প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে দ্রুত সেবা নিশ্চিত করতে এ মনিটরিং সেল কাজ করবে।
