পদ্মায় নিখোঁজ ছাত্রদল নেতা, ১৮ ঘণ্টায়ও মেলেনি খোঁজ

পাবনার ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রীজের পিলারের সঙ্গে পিকনিকের নৌকা ধাক্কা লেগে নদীতে পড়ে নিখোঁজ হন রাকিবুজ্জামান রকি নামে এক ছাত্রদল নেতা। তবে নিখোঁজের ১৮ ঘণ্টা পার হলেও তার কোনো হদিশ পাওয়া যায়নি।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ছাত্রদল নেতা রকিকে খুঁজে না পাওয়ার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন কুষ্টিয়া ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান ও ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম।

এর আগে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে হার্ডিঞ্জ ব্রিজের পিলারের সঙ্গে ১২৩ জন যাত্রী বহনকারী পিকনিকের নৌকা (ট্রলার) ধাক্কায় প্রথমে ৩ জন নিখোঁজ হন। পরে দুইজনকে উদ্ধার করা হলেও রকি এখনো নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ ছাত্রদল নেতা রকি ঝিনাইদহ জেলার শৈলকূপা পৌর ছাত্রদলের সদস্য সচিব।

পিকনিকে নৌকায় থাকা যাত্রীরা জানান, শুক্রবার সকালে কুষ্টিয়ার কাতলাগাড়ী গড়াই নদী থেকে পদ্মা নদীতে নৌকাযোগে পিকনিকে বের হয় প্রায় শতাধিক ভ্রমণকারী। ভ্রমণ শেষে ফেরার পথে রাতে হার্ডিঞ্জ ব্রিজের ৫ নম্বর পিলারের সঙ্গে ট্রলারটির ধাক্কা লাগে। এ সময় ছাত্রদল নেতা রকিসহ তিনজন নদীতে ছিটকে পড়েন। কিছুক্ষণ পরেই নৌপুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে মো. লিটন (৩৮) ও মো. ওয়াহাব (৪৫) নামে দুজনকে জীবিত উদ্ধার করা হয়। নিখোঁজ রয়ে যায় ছাত্রদল নেতা রকি।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, দুর্ঘটনায় তিনজন নদীতে নিখোঁজ হয়েছিলেন। এদের মধ্যে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো ছাত্রদল নেতা রকি নিখোঁজ রয়েছেন। পুলিশ, ফায়ার সার্ভিস ও রাজশাহী থেকে আসা ডুবরি দলের সদস্যরা নদীতে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।

Read Previous

সোলার বিদ্যুৎ প্রকল্প ও কৃষিভিত্তিক এগ্রোজোন গড়ে তোলার উদ্যোগ

Read Next

শুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular