পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, পঞ্চগড়ের দেবীগঞ্জে সোলার বিদ্যুৎ প্রকল্পের পাশাপাশি কৃষিভিত্তিক এগ্রোজোন ও সবুজায়ন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে চায়নাসহ কয়েকটি দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে দেবীগঞ্জ উপজেলা ইকোনোমিক জোন এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকারের আশা, সোলার প্রকল্প বাস্তবায়ন হলে বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে। পরিকল্পনা অনুযায়ী এগোতে পারলে আগামী ডিসেম্বরের মধ্যে কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে এগিয়ে যাওয়া সম্ভব হবে।
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহবুব হোসেন বলেন, ‘আপনারা জানেন যে নবায়নযোগ্য জ্বালানি আমাদের দেশে এখন খুবই প্রয়োজন। এক সময় তেল-গ্যাস ফুরিয়ে যাবে। সোলারের মাধ্যমে যদি আমরা বিদ্যুৎ উৎপাদন করি, দেশে বিদ্যুতের ঘাটতি পূরণ হবে। এখন পাঁচ পার্সেন্ট পূরণ হচ্ছে। আশা করি যে খুব তাড়াতাড়ি আমরা ৪০ পার্সেন্ট এ উন্নীত করতে পারবো। আমাদের পার্শ্ববর্তী দেশগুলো এগিয়ে রয়েছে সোলারের মাধ্যমে।’
তিনি আরও বলেন, ‘যদি আমরা বিদ্যুৎ খাতে উৎপাদন বাড়াতে পারি, প্রযুক্তিনির্ভর কৃষি উৎপাদন বাড়াতে পারি, তাহলে এ এলাকায় কর্মসংস্থান হবে, বেকারত্ব দূর হবে, এলাকার মানুষের উন্নয়ন হবে। মাননীয় প্রতিমন্ত্রী ব্যক্তিগত উদ্যোগে এলাকার অর্থনৈতিক অবস্থা আরও স্বাবলম্বী করবে ইনশাল্লাহ।’
চায়না ব্যবসায়িক প্রতিনিধি জুলং গ্রুপের চেয়ারম্যান পেং ওয়াং অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন শেষে জানান, জমি প্রাকৃতিকভাবে ভালো এবং বিনিয়োগের জন্য সম্ভাবনাময়। তারা নিজ দেশে ফিরে বোর্ড সভায় বিষয়টি আলোচনা করে বিনিয়োগের সম্ভাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।
এসময় দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহাসহ বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রীসহ বিভিন্ন দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা পঞ্চগড় চিনিকল পরিদর্শন করেন।
