নেইমারের আচরণ ১৫-১৬ বছরের কিশোরের মতো

আবারও সমালোচনার কেন্দ্রে নেইমার। ব্রাজিলিয়ান সিরি আ’য় সান্তোস দুইবার এগিয়ে গিয়েও ফ্লুমিনেন্সের কাছে ৩-২ ব্যবধানে হেরে যাওয়ার পর মাঠ ছাড়ার সময় নেইমারের অঙ্গভঙ্গি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। যদিও এই ৩৪ বছর বয়সী তারকার দাবি, এটি নিছকই ভুল বোঝাবুঝি। তবে সাবেক এক ব্রাজিলিয়ান তারকা তার এই ব্যাখ্যায় পুরোপুরি সন্তুষ্ট নন।

ম্যাচ শেষে ক্যামেরায় দেখা যায়, নেইমার ড্রেসিংরুমে যাওয়ার পথে দুই কানে আঙুল দিচ্ছেন। অনেকে এটিকে গ্যালারি থেকে আসা সমালোচনা উপেক্ষা করার ইঙ্গিত হিসেবে দেখেন। পরে নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নেইমার এ বিষয়ে ব্যাখ্যা দেন, যদিও তিনি স্পষ্টতই বিরক্ত ছিলেন।

নেইমার বলেন, ‘এমন দিনও এলো, যখন আমাকে কান চুলকানোর ব্যাখ্যা দিতে হচ্ছে! সত্যি বলতে, তারা অনেক বেশি বাড়াবাড়ি করছে এবং সীমা ছাড়িয়ে যাচ্ছে… এভাবে বেঁচে থাকা খুবই দুঃখজনক। কোনো মানুষ এটা সহ্য করতে পারে না।’

তবে ব্রাজিলের সাবেক মিডফিল্ডার জে এলিয়াস সান্তোস তারকার এই ব্যাখ্যা মানতে রাজি নন। তিনি তীব্র সমালোচনা করে বলেন, ‘ওখানে কী হয়েছে, সবাই পরিষ্কার বুঝেছে। এখানে কেউ বোকা নয়। সবাই জানে কী হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এটা আবারও প্রমাণ করে তার (নেইমার) আচরণ এখনো ১৫-১৬ বছরের এক কিশোরের মতো। সে বুঝতে পারে না সে কে, কী প্রতিনিধিত্ব করে। যদি বুঝত, তাহলে এমন আচরণ করত না। আর সব সময়ই সে নিজেকে ভুক্তভোগী দেখায়। সব সময় অন্যরা দোষী, আর সে ঠিক।’

পাঁচ দিনের মধ্যেই দ্বিতীয় বিতর্ক:

এই ঘটনা ঘটার মাত্র পাঁচ দিন আগে সান্তোসের সমর্থকদের সঙ্গে নেইমারের আরেক দফা তর্ক হয়েছিল। কোপা সুদামেরিকানার ম্যাচে দেপোর্তিভো রেকোলেতার বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর সেই উত্তেজনা তৈরি হয়েছিল।

তখন নেইমার বলেছিলেন, ‘খেলার সমালোচনা আমি বুঝি। কিন্তু যখন সেটা ব্যক্তিগত পর্যায়ে চলে যায় এবং অন্যভাবে আমাকে আক্রমণ করা হয়, তখন আমি সেটা মেনে নিতে পারি না।’

পেইজে খ্যাত সান্তোস এখনো বিভিন্ন প্রতিযোগিতায় স্থিতিশীলতা খুঁজছে। সামনে তাদের ব্যস্ত সূচি।

Read Previous

আরও বাড়ল দেশের রিজার্ভ

Read Next

মতবিরোধ নিরসনে রাজপথ নয়, সংসদে আলোচনার আহ্বান মির্জা ফখরুলের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular