রাজশাহীতে পাম্পে তেল নিতে এসে হিটস্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু

রাজশাহীর মোহনপুরে ফিলিং স্টেশনে তেল নিতে এসে হিটস্ট্রোকে আবদুল আলম নামে এক বাঁশ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কেশরহাট ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

স্থানীরা জানান, বুধবার ভোরে তেল নেয়ার জন্য আলম ফিলিং স্টেশনের লাইনে দাঁড়ান। সকাল থেকে তীব্র গরমের মধ্যে রোদে অবস্থান করায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. বিভাস শর্মা বলেন, আলম তীব্র গরমে দাঁড়িয়ে ছিলেন। হিটস্ট্রোকের তার মৃত্যু আশঙ্কাই বেশি।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পাম্পে তেল নিতে এসে হঠাৎ তার মৃত্যু হয়েছে। পুলিশ সব দিক খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেবে।

এ দিকে তীব্র তাপদাহে পুড়ছে উত্তরাঞ্চলের জনপদ রাজশাহী। চলতি মৌসুমে ৪০ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে রাজশাহী আবহাওয়া অফিস।

বুধবার (২২ এপ্রিল) বিকেল ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে; যা এই মৌসুমের এখন পর্যন্ত সর্বোচ্চ। একই দিনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ফলে গরমের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে।

এ দিকে তীব্র গরমে জনজীবন হয়ে উঠেছে স্থবির। খেটে খাওয়া শ্রমজীবী মানুষ পড়েছেন সবচেয়ে বেশি দুর্ভোগে।

আবহাওয়া অফিসের দেয়া তথ্য মতে, গত ২০ এপ্রিল ছিল সর্বোচ্চ ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সেদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি। এ ছাড়া ২১ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে সর্বোচ্চ তাপমাত্রা শূন্য দশমিক ৩ ডিগ্রি বেড়েছে।

রাজশাহী আবহাওয়া অফিসের ইনচার্জ রহিদুল ইসলাম বলেন, ‘আজ বিকেল ৩টায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেকর্ড করা হয়েছে; যা চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।’

Read Previous

মালদ্বীপকে দিয়ে শুরু হবে বাংলাদেশের হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশন

Read Next

শরীরে আয়রনের ঘাটতির লক্ষণ ও করণীয় কী?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular