বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। সর্বনিম্ন ১৫০ টাকায় পাওয়া যাবে এই সিরিজের ম্যাচের টিকিট। সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে দেড় হাজার টাকা।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ। বিসিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, স্টেডিয়ামের ইস্টার্ন গ্যারির টিকিটের দাম সবচেয়ে কম ১৫০ টাকা। ওয়েস্টার্ন গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ২৫০টাকা। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও শহীদ শ্রাবণ স্ট্যান্ডের টিকিটের দাম ৫০০ টাকা করে।
ইস্ট এবং ওয়েস্ট গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ১৫০০ টাকা করে। ইস্ট এবং ওয়েস্ট প্যাভিলিয়নের ছাদের ওপরের টিকিটের দামও একই রাখা হয়েছে।
ওয়ানডে সিরিজে ১-১ সমতা নিয়ে তৃতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামে জয়ী দল নিশ্চিত করবে সিরিজ। একই ভেন্যুতে হবে প্রথম দুই টি-টোয়েন্টি।
আগামী ২৭ ও ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। ২ মে তৃতীয় ও শেষ টি–টোয়েন্টি অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। টি-টোয়েন্টি সিরিজে সব কটি ম্যাচই শুরু হবে বেলা ২টায়।
সিরিজের সব টিকিটই পাওয়া যাবে অনলাইনে। টিকিট কিনতে দর্শকদের যেতে হবে www.gobcbticket.com.bd ওয়েবসাইটে।
