ঢালিউড সুপারস্টার শাকিব খানের শুটিং মানেই ভক্তদের ভিড়। তার নতুন সিনেমার কাজ শুরু হলেই দূর-দূরান্ত থেকে অনুরাগীরা ছুটে আসেন প্রিয় তারকাকে এক নজর দেখতে। আর সেই মুহূর্তগুলোই অনেক সময় ছবি বা ভিডিও হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন আসন্ন ঈদের সিনেমা ‘রকস্টার’-এর শুটিং নিয়ে। মালয়েশিয়ায় একটি অংশের কাজ শেষ করে এখন ঢাকার বিভিন্ন লোকেশনে চলছে দৃশ্যধারণ। এরই মধ্যে সিনেমাটির একাধিক দৃশ্যের ছবি ও ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে তৈরি হয়েছে আলোচনা।
সম্প্রতি মালয়েশিয়ায় ধারণ করা কিছু দৃশ্য ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় শাকিব খানের নতুন লুক, হাঁটার স্টাইল ও অভিনয়ের কিছু অংশ। এর আগেও ঢাকার বিভিন্ন লোকেশন থেকে শুটিংয়ের ছবি ফাঁস হওয়ার ঘটনা ঘটেছে।
আরেকটি ছবিতে দেখা গেল পায়ে ব্যান্ডেজ শাকিব খানের। পেছনে দাঁড়ানো সাবিলা নূর। শাকিবকে কিছু খাইয়ে দিচ্ছেন তার ব্যক্তিগত মেকাপম্যান।
বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন ছবির পরিচালক আজমান রুশো। তিনি জানান, একজন নির্মাতা হিসেবে নিজের কাজে মনোযোগ দিতে চান। কিন্তু এভাবে শুটিংয়ের দৃশ্য ফাঁস হলে কাজের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হয়।
তার ভাষায়, ‘দিন শেষে কাজটা ভালো না হলে দায় আমার ওপরই আসবে। যেহেতু এটি আমার প্রথম সিনেমা, তাই দর্শকদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করছি।’
শুটিংয়ের দৃশ্য ফাঁস প্রসঙ্গে তিনি বলেন, মালয়েশিয়ায় প্রায় দেড় শতাধিক বিদেশি শিল্পী ছিলেন, তাদের মধ্য থেকেই কেউ ভিডিও ধারণ করে থাকতে পারেন। এছাড়া একটি বাঙালি রেস্টুরেন্টে শুটিংয়ের সময়ও বাইরে বের হতেই ছবি তুলে তা অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়।
তিনি আরও জানান, নিজের টিমের সদস্যদের কাছ থেকে মোবাইল ফোন সংগ্রহ করে শুটিং করা হলেও ঢাকার লোকেশনগুলোতে বাইরে থেকে অনেকেই দূর থেকে জুম করে ছবি ও ভিডিও ধারণ করছেন, যা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে।
এদিকে জানা গেছে, সিনেমাটির প্রায় ৭০ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। খুব শিগগির বাকি অংশের শুটিং শেষ করে শুরু হবে পরবর্তী কাজ। সবকিছু ঠিক থাকলে আগামী মাস থেকেই প্রচারণা শুরু হবে এবং ঈদে মুক্তি পাবে ‘রকস্টার’।
